রাজধানীর ডেমরার পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনে মো. সাইদুল ইসলাম (২০) নামে এক পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে রাজাখালী এলাকার ২০ তলা ভবনের নবম তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর ডেমরা থানা পুলিশ সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শুক্রবার বিকেলে নিহতের বাবা মো. সাদেক ডেমরা থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত ও পারিবারিক কারণে এই মৃত্যু ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে সাইদুল ইসলাম নিজের ব্যক্তিগত জীবন, গোপনে বিয়ে এবং পারিবারিক বিষয়ে আবেগঘন কিছু মন্তব্য করেছিলেন বলেও জানা গেছে। তবে এসব তথ্য তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে।
সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা এবং পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্সের সি কোম্পানিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, ব্যারাকের একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে সহকর্মীদের কাছ থেকে পারিবারিক ও মানসিক সমস্যার তথ্য পাওয়া গেলেও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।
পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্সের ইনচার্জ (ডিসি) কাজী নুসরাত লুনা জানান, সাইদুল ইসলাম পারিবারিক অনুমতি ছাড়া বিয়ে করেছিলেন এবং কিছুদিন ধরে দাম্পত্য জীবনে মতবিরোধ চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় উঠে এসেছে। এসব বিষয় তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘিরে অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে
কসমিক ডেস্ক