দীর্ঘদিন পর ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। এই প্রত্যাবর্তনে প্রথমবারের মতো তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী কেয়া পায়েল। নতুন এই জুটিকে দেখা যাবে নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত অরিজিনাল ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, সমকালীন জীবনের নানা জটিলতা, পারিবারিক সম্পর্কের বন্ধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে রোমান্টিক-কমেডি ঘরানার এই চলচ্চিত্র। এতে সম্পর্ক, আবেগ ও বর্তমান প্রজন্মের মানসিক বাস্তবতাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে।
ওয়েব ফিল্মে আরিফিন শুভ অভিনয় করেছেন ‘আনিস’ চরিত্রে। অ্যাকশনধর্মী বা দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন চরিত্রে দর্শক তাকে বেশি দেখলেও এবার তিনি হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন রূপে। তার চরিত্রটি একজন স্বাধীনচেতা, দায়িত্বশীল এবং পরিবারকেন্দ্রিক তরুণের, যার জীবনের সবচেয়ে বড় শক্তি তার পরিবার ও প্রিয় মানুষগুলো।
নিজের চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এটি একটি রোমান্টিক-কমেডি ঘরানার কাজ। এমন চরিত্রে আগে কাজ করিনি। দর্শক আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে সেভাবে দেখবেন না। এটি প্রচলিত শক্তিশালী নায়কসুলভ চরিত্র নয়।’
অন্যদিকে কেয়া পায়েল অভিনয় করেছেন ‘অনামিকা’ চরিত্রে। উচ্চবিত্ত শহুরে পরিবেশে বেড়ে ওঠা এই তরুণীর জীবন আবর্তিত হয় সামাজিক যোগাযোগমাধ্যম, সেলিব্রিটি সংস্কৃতি এবং ভার্চুয়াল দুনিয়ার নানা আকর্ষণকে ঘিরে।
গল্পে সম্পূর্ণ ভিন্ন দুই জগতের মানুষ আনিস ও অনামিকার পরিচয়, দ্বন্দ্ব এবং সম্পর্কের বিকাশই মূল আকর্ষণ হয়ে উঠবে।
নিজের চরিত্র নিয়ে কেয়া পায়েল বলেন, ‘আমার চরিত্রটা প্রেমে পড়ার মতো। চরিত্রটিতে অভিনয়ের অনেকগুলো স্তর রয়েছে। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন বলে আমি বিশ্বাস করি।’
নির্মাতা জানিয়েছেন, ‘হ্যাপিলি ম্যারিড’ খুব শিগগিরই দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। যদিও এখনো মুক্তির নির্দিষ্ট তারিখ বা প্ল্যাটফর্মের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
কসমিক ডেস্ক