নিরাপত্তা উদ্বেগ এবং সম্ভাব্য নতুন হামলার ঝুঁকি বিবেচনায় সামরিক ও সংবেদনশীল স্থাপনার কাছাকাছি অবস্থিত পরীক্ষাকেন্দ্রগুলো নিরাপদ স্থানে স্থানান্তর করেছে ইরান। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, সম্ভাব্য নিরাপত্তা হুমকি এড়াতে পরীক্ষাকেন্দ্রগুলো সরকারি মিলনায়তন, ধর্মীয় কেন্দ্র এবং অন্যান্য নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা তুলনামূলক নিরাপদ পরিবেশে পরীক্ষা দিতে পারবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
ইরানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষার কার্যক্রম যাতে নির্বিঘ্নে পরিচালিত হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে ঠিক কতটি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর করা হয়েছে কিংবা নতুন কেন্দ্রগুলো কোথায় স্থাপন করা হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। নিরাপত্তাজনিত কারণেই এসব তথ্য গোপন রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে নিরাপত্তা পরিস্থিতিকে ঘিরে উত্তেজনার মধ্যেই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে অবরোধ বহাল থাকবে। তাদের দাবি, এ সময়ে কোনো জাহাজ অবরোধ অমান্য করার চেষ্টা করেনি এবং যুক্তরাষ্ট্রকে সহায়তাও দেয়নি। ফলে হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলার ঘটনাও ঘটেনি বলে আইআরজিসি দাবি করেছে।
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষা কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
কসমিক ডেস্ক