জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা চলছে না। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকা নেই এবং সংবিধান অনুযায়ী তাদের দায়িত্বের পরিধি সমগ্র বাংলাদেশ।
সোমবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলের সংসদ সদস্য আখতার হোসেন।
আখতার হোসেন অভিযোগ করেন, সরকারি দলের এক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য দুটি সংসদীয় আসনকে নিজের ‘অতিরিক্ত দায়িত্ব’ হিসেবে উল্লেখ করেছেন। পরবর্তীতে ওই এলাকাগুলোতে এমন প্রচারণা চালানো হচ্ছে যে নির্বাচিত সংসদ সদস্য নয়, বরং সংরক্ষিত নারী আসনের সদস্যই সেখানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন। তিনি আরও বলেন, এ বিষয়ে সরকারের দুই দায়িত্বশীল ব্যক্তির বক্তব্যে অসামঞ্জস্য রয়েছে এবং শুধু বিরোধী দলের বিজয়ী আসনগুলোতে এ ধরনের দায়িত্ব দেওয়ার বিষয়টি প্রশ্নের জন্ম দিয়েছে। এ অবস্থায় সরকারের আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি করেন তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতায় না পড়লেও বিভ্রান্তি দূর করার স্বার্থে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।
সংবিধানের ৬৫ অনুচ্ছেদের উল্লেখ করে তিনি বলেন, জাতীয় সংসদ ৩০০টি সাধারণ আসনের সদস্য এবং অতিরিক্ত ৫০ জন সংরক্ষিত নারী সদস্য নিয়ে গঠিত। সাধারণ আসনের সংসদ সদস্যদের জন্য আইন অনুযায়ী নির্দিষ্ট নির্বাচনী এলাকা থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের ক্ষেত্রে এমন কোনো নির্ধারিত এলাকা নেই।
মন্ত্রী বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা কোনো নির্দিষ্ট এলাকার প্রতিনিধি নন। তাই কেউ যদি নিজেকে একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ প্রতিনিধি হিসেবে উপস্থাপন করেন, সেটি সাংবিধানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি আরও জানান, বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া বরাদ্দ দেশের যেকোনো এলাকায় উপ-বরাদ্দ দিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো স্থানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা বা অতিরিক্ত দায়িত্বের যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তার সাংবিধানিক ভিত্তি নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কসমিক ডেস্ক