অনেকেই মনে করেন, আকাশ মেঘে ঢাকা থাকলে বা রোদ না থাকলে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু ত্বক বিশেষজ্ঞদের মতে, এই ধারণা একেবারেই ভুল। বাস্তবে মেঘলা দিনেও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি (UV rays) ত্বকের গভীরে পৌঁছে নানা ধরনের ক্ষতি করতে পারে।
মেঘ সূর্যের আলো কিছুটা কমিয়ে দিলেও অতিবেগুনি রশ্মির একটি বড় অংশ সহজেই মেঘ ভেদ করে পৃথিবীতে পৌঁছে যায়। এই রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করে কোলাজেন ভেঙে দেয়, যার ফলে ত্বকে অকালবার্ধক্য, বলিরেখা ও পিগমেন্টেশন দেখা দেয়। দীর্ঘদিন এই রশ্মির সংস্পর্শে থাকলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়।
অনেকেই ভাবেন, রোদ না থাকলে ত্বক পোড়ার সম্ভাবনা নেই। যদিও মেঘলা দিনে ত্বক পোড়ার ঝুঁকি কিছুটা কম থাকে, কিন্তু তা পুরোপুরি বন্ধ হয় না। বরং ধীরে ধীরে ত্বকের ভেতরে ক্ষতি হতে থাকে, যা একসময় বড় সমস্যায় রূপ নিতে পারে।
বর্ষাকালে বা মেঘলা দিনে আমরা অনেক সময় বাইরে কম যাই, তাই মনে করি সানস্ক্রিন লাগানোর দরকার নেই। কিন্তু বাস্তবতা হলো, জানালা দিয়ে ঘরে ঢোকা আলো কিংবা গাড়িতে যাতায়াতের সময়ও ত্বক UV রশ্মির সংস্পর্শে আসে। এই রশ্মি প্রতিদিন অল্প অল্প করে ত্বকের ক্ষতি করে, যা খালি চোখে তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলে।
অনেকে আবার মনে করেন, মেকআপ বা ময়েশ্চারাইজারে থাকা SPF-ই যথেষ্ট। তবে বিশেষজ্ঞদের মতে, এসব পণ্যে থাকা SPF ত্বককে পুরোপুরি সুরক্ষা দিতে পারে না। কার্যকর সুরক্ষার জন্য আলাদা করে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।
ত্বক সুরক্ষিত রাখতে কমপক্ষে SPF ৩০ এবং ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা উচিত। ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন UVA এবং UVB—উভয় ধরনের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। বাইরে থাকলে প্রতি দুই ঘণ্টা পরপর সানস্ক্রিন পুনরায় লাগানো প্রয়োজন, যাতে সুরক্ষা বজায় থাকে।
বর্ষাকালে বৃষ্টিতে ভেজা বা অতিরিক্ত ঘামের কারণে সানস্ক্রিন সহজেই উঠে যেতে পারে। তাই এই সময়ে পানিরোধী (water-resistant) সানস্ক্রিন ব্যবহার করা ভালো। এতে দীর্ঘ সময় ত্বক সুরক্ষিত থাকে।
সানস্ক্রিন শুধু তাৎক্ষণিক রোদে পোড়া থেকে ত্বককে রক্ষা করে না, বরং নিয়মিত ব্যবহারের ফলে ত্বকের পিগমেন্টেশন, কালচে দাগ এবং অকালবার্ধক্য প্রতিরোধেও সাহায্য করে। এমনকি ত্বকের ক্যান্সারের ঝুঁকি কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সব মিলিয়ে বলা যায়, মেঘলা দিন হোক বা রোদেলা—প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা ত্বকের জন্য একটি অপরিহার্য অভ্যাস। ত্বকের সুস্থতা ও সৌন্দর্য ধরে রাখতে এই ছোট্ট পদক্ষেপটি দীর্ঘমেয়াদে বড় উপকার এনে দিতে পারে।
কসমিক ডেস্ক