অভিষেক-সূর্যবংশীর ছক্কায় রাশ টানতে চায় বিসিসিআই The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অভিষেক-সূর্যবংশীর ছক্কায় রাশ টানতে চায় বিসিসিআই

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
অভিষেক-সূর্যবংশীর ছক্কায় রাশ টানতে চায় বিসিসিআই ছবির ক্যাপশন:

ইংল্যান্ড সফরে টানা ব্যর্থতায় চাপে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নতুন উদ্যমে মাঠে নামলেও আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি ভারত। এই হতাশাজনক পারফরম্যান্সের পর দলকে ঘিরে মূল্যায়ন শুরু করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)

বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের পরিবর্তে শ্রেয়াস আইয়ারকে নেতৃত্ব দিয়ে নতুন যুগের সূচনা করতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে সেই পরিকল্পনা সফল হয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হার এবং ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার ভারতের টি-টোয়েন্টি দলকে কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন মনে করেন, আইপিএলের আগ্রাসী ব্যাটিং মানসিকতা আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় কার্যকর হয় না। তার মতে, ইংল্যান্ডের কন্ডিশনে সুইং ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে ব্যাটারদের আরও ধৈর্য ও কৌশলী হতে হবে।

ইংল্যান্ড সফরে তরুণ ওপেনার বৈভব সূর্যবংশীকে দলে নেওয়া হলেও তিনি সুযোগ কাজে লাগাতে পারেননি। তিন ম্যাচে তার সংগ্রহ মাত্র ১৪, ১৩ ও ১৫ রান। এ কারণে বিশ্বকাপজয়ী ব্যাটার সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ার সিদ্ধান্তও সমালোচনার মুখে পড়েছে। সাবেক উইকেটকিপার ব্যাটার পার্থিব প্যাটেল বলেছেন, আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে যুক্তির চেয়ে আবেগই বেশি প্রাধান্য পেয়েছে।

সফর শেষে বিসিসিআই দলের পারফরম্যান্স মূল্যায়নে বৈঠকে বসবে। সেখানে প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং বোর্ড কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিসিসিআই জানিয়েছে, পুরো সিরিজ বিশ্লেষণ করে ভুলগুলো চিহ্নিত করা হবে এবং ভবিষ্যতের পরিকল্পনা নির্ধারণ করা হবে।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ওপেনার অভিষেক শর্মাবৈভব সূর্যবংশীর স্বাভাবিক আগ্রাসী ব্যাটিংয়ের প্রশংসা করা হলেও অতিরিক্ত ঝুঁকিপূর্ণ শট খেলার প্রবণতায় কিছুটা সংযম আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের ছক্কা মারার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও ম্যাচ পরিস্থিতি বুঝে ব্যাটিং করার ওপর জোর দিতে চায় বিসিসিআই।

এদিকে সিরিজের চতুর্থ ম্যাচের পর প্রধান কোচ গৌতম গম্ভীরকে দীর্ঘ সময় বৈভব সূর্যবংশীর সঙ্গে কথা বলতে দেখা গেছে। যদিও আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, তরুণ ব্যাটারের মানসিক প্রস্তুতি ও ম্যাচ পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং পরিকল্পনা নিয়েই আলোচনা হয়েছে।

এখন শেষ ম্যাচে ভারত ঘুরে দাঁড়াতে পারে কি না, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভিয়েতনামের বিপক্ষে একাদশে হামজা, বাইরে জামাল

ভিয়েতনামের বিপক্ষে একাদশে হামজা, বাইরে জামাল