কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের আট নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ জুলাই) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন গাছবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের নাগরিক বলে পরিচয় দিয়েছেন। পরে শুক্রবার সন্ধ্যায় তাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, আটক ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক হলেও তারা দেশটির কোনো বাহিনীর সদস্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মংবা তংচংগা (৩৪), মংম (২০), কিংলা থুয়াইং (২১), রুপার (১৯), থাইংসা মং (৪০), তুলি (২০), তানতানাইং (২০) এবং নাইং (২০)। তাদের সবাই মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার ডেকিবুনিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি আরও জানিয়েছে, আটক ব্যক্তিদের একজন মংবা তংচংগা নিজেকে বাংলাদেশি দাবি করে একটি জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ প্রদর্শন করেন। তবে নথিপত্র যাচাই করে সেখানে অসঙ্গতি পাওয়া যায় এবং সেগুলো ভুয়া বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল জানান, বিজিবির কাছ থেকে আটজনকে বুঝে নেওয়া হয়েছে। সীমান্ত অনুপ্রবেশের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তারা মিয়ানমারের কোনো নিরাপত্তা বাহিনী বা অন্য কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে প্রাণ বাঁচাতে ওই ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। পরে গাছবুনিয়া এলাকায় অবস্থান নেওয়ার সময় বিজিবির রেজুপাড়া বিওপির টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
কসমিক ডেস্ক