টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা বন্যা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বন্যাপূর্বাভাস সেল এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছিল, আগামী তিন দিনের মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলেও ভারী বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে জেলার নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক জানান, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ২০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ছাতক পয়েন্টে ৪৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ১৭ মিটার উচ্চতায় পৌঁছেছে নদীর পানি।
এছাড়া লাউড়েরগড় পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেখানে নদীর পানি ১১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ৫০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চল ও হাওর এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি করছে। নদীর পানি আরও বাড়লে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে
কসমিক ডেস্ক