জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান ছবির ক্যাপশন:

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত মানবাধিকারকর্মী আইরিন খানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাচ্ছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপেলো)। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বুধবার (৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে।

নিয়োগ কার্যকর হলে আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি।

আইরিন খান আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গনে সুপরিচিত একটি নাম। তিনি ২০২০ সালের ১ আগস্ট থেকে জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে এই বিশেষ দায়িত্ব চালুর পর প্রথম নারী হিসেবে এ পদে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি নতুন ইতিহাস গড়েন।

বর্তমানে তিনি সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে অধ্যাপনা করছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মানবাধিকার, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং আন্তর্জাতিক ন্যায়বিচার নিয়ে কাজ করে বৈশ্বিক অঙ্গনে বিশেষ পরিচিতি অর্জন করেছেন।

এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিশ্বের অন্যতম বৃহৎ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন আইরিন খান। সংস্থাটির ইতিহাসে তিনিই প্রথম নারী মহাসচিব। তার নেতৃত্বে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুধু রাজনৈতিক ও নাগরিক অধিকারের বিষয়েই নয়, বরং অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার নিয়েও কার্যক্রম আরও বিস্তৃত করে।

তার উদ্যোগেই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম বৈশ্বিক প্রচারণা শুরু হয়। মানবাধিকার রক্ষায় তার দীর্ঘ অভিজ্ঞতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে নতুন দায়িত্বে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেতে যাওয়া এ কে এম ওয়াহিদুজ্জামান (এপেলো) দীর্ঘদিন ধরে রাজনীতি ও তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। সরকার জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক প্রতিনিধিত্ব আরও কার্যকর ও সমন্বিত করতে এ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিসরে মানবাধিকার, উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, শান্তিরক্ষা, টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) এবং বৈশ্বিক নীতিনির্ধারণী আলোচনায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে অভিজ্ঞ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

যদিও নিয়োগের বিষয়ে সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন এখনো প্রকাশ করা হয়নি, তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতের মধ্যে ইরানের ওপর ‘বৃহত্তম বোমাবর্ষণ’ পরিচালিত হবে

রাতের মধ্যে ইরানের ওপর ‘বৃহত্তম বোমাবর্ষণ’ পরিচালিত হবে