বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টিনসেনের সঙ্গে সৌজন্য নাশতা বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৭ জুলাই) সকালে সিলেটের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, সিলেট অঞ্চলের উন্নয়ন, পর্যটন খাতের সম্ভাবনা এবং মার্কিন বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশে বসবাসকারী ও যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে সিলেটি প্রবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অবদানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, তাহসিনা রুশদীর লুনা, এমরান আহমেদ চৌধুরী ও মুফতি আবুল হাসান। এছাড়া সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আলোচনায় সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন শিল্পের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ অঞ্চলের উন্নয়নের বিভিন্ন সুযোগ নিয়ে মতবিনিময় হয়েছে। তিনি জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিশেষ করে সিলেট অঞ্চলে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক মতবিনিময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও গতিশীল করার পাশাপাশি সিলেট অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
কসমিক ডেস্ক