রাঙামাটিকে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানিয়েছেন জেলার অটোরিকশা চালক ও মালিকরা। এ দাবিতে সোমবার (৬ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া চালক ও মালিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শহরে অবৈধভাবে রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিট ছাড়া অটোরিকশা চলাচল করছে। এতে একদিকে বৈধ চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ও তাদের ওপর বর্তাচ্ছে।
কর্মসূচিতে বক্তব্য দেন রাঙামাটি অটোরিকশা মালিক সমিতির সভাপতি আলী বাবর, জেলা অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল মিয়া, অর্থ সম্পাদক অজিত দে এবং চালক মো. রনি।
বক্তারা বলেন, রাঙামাটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন জেলা, যেখানে প্রতিবছর বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। কিন্তু অবৈধ অটোরিকশার দৌরাত্ম্যের কারণে পর্যটকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অনিয়ম এবং বিভিন্ন অপরাধের অভিযোগ বাড়ছে। এর ফলে জেলার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বৈধ অটোরিকশা চালকদেরও সুনাম নষ্ট হচ্ছে।
তারা আরও অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় অবৈধ অটোরিকশাগুলো শহরে চলাচল করছে। মাসোহারার বিনিময়ে এসব যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা। এ বিষয়ে নিজেদের কাছে প্রমাণ রয়েছে বলেও মানববন্ধনে উল্লেখ করা হয়।
কর্মসূচি থেকে জেলা প্রশাসনের প্রতি আগামী শনিবারের মধ্যে অবৈধ অটোরিকশা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় আগামী রবিবার থেকে রাঙামাটি শহরে সব বৈধ অটোরিকশা অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
চালক ও মালিকদের আশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে শহরের যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে এবং পর্যটনবান্ধব নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে
কসমিক ডেস্ক