২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হং মিয়ং-বো পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গ্রুপ পর্ব থেকেই দলের বিদায়ের পর তিনি ব্যর্থতার সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়ে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান এবং দেশবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।
শনিবারের ম্যাচ শেষে দক্ষিণ কোরিয়া নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে। ফলে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার লক্ষ্য পূরণ হয়নি। এর একদিন পর মেক্সিকোর গুয়াদালাহারায় দলের প্রশিক্ষণ শিবিরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন হং মিয়ং-বো।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় দলকে ভালোবাসা এবং সবসময় সমর্থন দেওয়া সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় তিনি দুঃখিত। জনগণ যে ফলাফল আশা করেছিল, তা এনে দিতে ব্যর্থ হওয়ায় তিনি সম্পূর্ণ দায়ভার নিজের ওপর নিয়েছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করা সহজ সিদ্ধান্ত ছিল না। এরপরও শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন।
২০২৪ সালের জুলাইয়ে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের বিদায়ের পর দক্ষিণ কোরিয়ার দীর্ঘমেয়াদি প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন হং মিয়ং-বো। তার নেতৃত্বেই দল টানা একাদশবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। ফলে এবারের আসরে দক্ষিণ কোরিয়াকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও ছিল অনেক বেশি।
সন হিউং-মিন, লি কাং-ইন এবং কিম মিন-জায়ের মতো অভিজ্ঞ ও প্রতিভাবান ফুটবলারদের নিয়ে গড়া দলটি বিশ্বকাপের শুরুতে ইতিবাচক ইঙ্গিত দেয়। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল কোরিয়ানরা। তবে পরবর্তী দুই ম্যাচে সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়ে নকআউট পর্বে ওঠার সুযোগ হারায় তারা।
বিশ্বকাপে এই হতাশাজনক ফলাফলের পর হং মিয়ং-বোর পদত্যাগ দক্ষিণ কোরিয়ার ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এখন দলটির সামনে নতুন কোচ নিয়োগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
কসমিক ডেস্ক