দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধকে আরও শক্তিশালী করতে ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) গঠনের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন এই কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বর্তমানে দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি কার্যক্রম পরিচালনা করছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী অর্থবছর থেকে ইউনিয়ন পর্যায়েও এসব কমিটি গঠন করা হবে। সংশ্লিষ্টদের মতে, এতে স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী হবে।
দুদক এবং দুর্নীতিবিরোধী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মনে করছেন, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের ফলে সততা, নৈতিকতা ও সুশাসনের সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ আরও কার্যকর হবে। স্থানীয় পর্যায়ের সরকারি সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতেও এসব কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ ইতিবাচক। তবে অতীতে পরিচালিত কমিটিগুলোর কার্যক্রম নিরপেক্ষভাবে মূল্যায়ন করে নতুন কাঠামো গড়ে তুলতে হবে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া গেলে এই উদ্যোগ আরও সফল হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
দুদকের গঠনতন্ত্র অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ের কমিটি সাত সদস্যবিশিষ্ট হবে। এতে একজন সভাপতি, প্রয়োজনীয় সংখ্যক সদস্য এবং অন্তত এক-তৃতীয়াংশ নারী সদস্য রাখার বিধান রয়েছে। সমাজের সৎ, সচেতন ও স্বেচ্ছাসেবী ব্যক্তিদের মধ্য থেকে সদস্য নির্বাচন করা হবে। তবে বিদেশি নাগরিক, নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি চাকরিজীবী, রাজনৈতিক দলের সক্রিয় সদস্য, ঋণখেলাপি কিংবা ফৌজদারি অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিরা এই কমিটির সদস্য হতে পারবেন না।
দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম বলেন, দুর্নীতি দমনে শুধু শাস্তিমূলক ব্যবস্থা যথেষ্ট নয়; জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে তৃণমূল জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন সরকারি সেবায় অনিয়ম ও দুর্নীতি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
কসমিক ডেস্ক