৩৯ বছর বয়সেও বিশ্ব ফুটবলে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন লিওনেল মেসি। সোমবার টেক্সাসের ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৮০ মিনিটে দৃষ্টিনন্দন এক ফ্রি-কিক থেকে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। এই গোলেই বিশ্বকাপের ইতিহাসে টানা সাতটি ম্যাচে গোল করার একক বিশ্বরেকর্ড নিজের নামে লিখিয়ে নেন তিনি।
এর আগে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ড ছিল ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জাইরজিনহোর (১৯৭০)। জর্ডানের বিপক্ষে গোল করে সেই রেকর্ড ভেঙে ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা সাত ম্যাচে জালের দেখা পেলেন মেসি।
বিশ্বকাপের ইতিহাসের অন্যান্য কিংবদন্তিদের রেকর্ডও এই অর্জনের সামনে পিছিয়ে পড়েছে। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন পেলের বিশ্বকাপে টানা গোলের সর্বোচ্চ রেকর্ড ছিল তিন ম্যাচ। অন্যদিকে ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনার টানা গোলের রেকর্ড মাত্র দুই ম্যাচ। আধুনিক ফুটবলে মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও বিশ্বকাপে সর্বোচ্চ টানা তিন ম্যাচে গোল করতে পেরেছেন। একই রেকর্ড রয়েছে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পেরও।
চলতি ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করে মোট ছয় গোল করেছেন মেসি। এর সঙ্গে ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের গোল যোগ করলে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোলের অবিশ্বাস্য ধারাবাহিকতা তৈরি হয়েছে তার। এই পারফরম্যান্সে তিনি গোলদাতার তালিকার শীর্ষেও অবস্থান করছেন।
মেসির এই ঐতিহাসিক গোলের দিনে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। আগামী ৩ জুলাই নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কেপ ভার্দে।
কসমিক ডেস্ক