প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। রবিবার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে। এর ফলে দীর্ঘদিন ধরে ভারতের পর্যটন ভিসার অপেক্ষায় থাকা ভ্রমণপ্রত্যাশীদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে।
ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। তিনি জানান, ধাপে ধাপে ভারতের ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে। একই সঙ্গে মানবিক বিবেচনায় মেডিক্যাল ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন গ্রহণ করা হবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য আইভ্যাক কেন্দ্রেও এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ভিসার জন্য আবেদনকারীদের প্রথমে অনলাইনে আবেদনপত্র পূরণ করে তা ডাউনলোড করতে হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সাইনআপ, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড এবং অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পন্ন করতে হবে। সফলভাবে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর ভিসা প্রসেসিং চার্জ অনলাইনে পরিশোধ করতে হবে।
আবেদনের সঙ্গে কমপক্ষে ছয় মাস মেয়াদসম্পন্ন পাসপোর্ট, সাম্প্রতিক রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি, আবাসনের প্রমাণ, পেশার প্রমাণ, আর্থিক সক্ষমতার তথ্য, অনলাইন আবেদনপত্র এবং পুরোনো পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আপলোড করা আবেদনপত্রের পিডিএফ ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না।
পর্যটন ভিসার জন্য আলাদা কোনো ভিসা ফি না থাকলেও সব ধরনের ভিসার ক্ষেত্রে আইভ্যাক ১ হাজার ৫০০ টাকা প্রসেসিং চার্জ গ্রহণ করে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভিসা প্রস্তুত হলে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।
কসমিক ডেস্ক