আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারাদেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য কর্মসূচি ও নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের জন্য দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের কাছে একটি জরুরি বার্তা পাঠানো হয়েছে।
পুলিশের পাঠানো ওই বার্তায় বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার প্রদর্শন কিংবা বিভিন্ন কর্মসূচি পালন করতে পারেন। এসব কর্মসূচিকে ঘিরে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী কোনো কর্মসূচিতে বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে বার্তায়। তাই সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশনা পাঠানো হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, তারা নির্দেশনা পেয়েছেন এবং রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তবে তিনি বলেন, “স্পেসিফিক কোনো থ্রেট নেই। সারা বছরই বিভিন্ন কর্মসূচি থাকে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।”
তিনি আরও জানান, নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে চেকপোস্ট ও অপারেশন চালু রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন অভিযানের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা বর্তমানে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন না। এর মধ্যেই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে।
বর্তমানে দলটির রাজনৈতিক কার্যক্রম ও শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া এবং নিষেধাজ্ঞার বিষয়গুলোও পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কসমিক ডেস্ক