পবিত্র আশুরা আজ: ইবাদত, কৃতজ্ঞতা ও কারবালার শোকের স্মরণে মুসলিম বিশ্ব The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পবিত্র আশুরা আজ: ইবাদত, কৃতজ্ঞতা ও কারবালার শোকের স্মরণে মুসলিম বিশ্ব

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2026 ইং
পবিত্র আশুরা আজ: ইবাদত, কৃতজ্ঞতা ও কারবালার শোকের স্মরণে মুসলিম বিশ্ব ছবির ক্যাপশন:

আজ শুক্রবার পবিত্র আশুরা, ১৪৪৮ হিজরি সনের ১০ মহররম। ইসলামী ইতিহাসে এই দিনটি একদিকে কৃতজ্ঞতা ও ইবাদতের, অন্যদিকে কারবালার শোকাবহ স্মৃতির প্রতীক হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হচ্ছে। উপলক্ষে আজ সরকারি ছুটি পালন করা হচ্ছে।

‘আশুরা’ শব্দের অর্থ দশম। মহররম মাসের ১০ তারিখে দিনটি পালিত হওয়ায় একে আশুরা বলা হয়। ইসলামী ঐতিহ্যে দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। হাদিস অনুযায়ী, এই দিনে মহান আল্লাহ হজরত মুসা (আ.) ও তাঁর অনুসারীদের ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছিলেন। এ ঘটনার স্মরণে শুকরিয়া আদায়ের অংশ হিসেবে আশুরার রোজা রাখার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।

সহিহ বুখারির একটি বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ (সা.) মদিনায় এসে দেখেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। কারণ জানতে চাইলে তারা জানায়, এই দিনে আল্লাহ বনি ইসরাঈলকে শত্রুর কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং হজরত মুসা (আ.) এই দিনে রোজা রাখতেন। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মুসা (আ.)-এর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমি তোমাদের চেয়ে অধিক নিকটবর্তী।’ এরপর তিনি নিজে রোজা রাখেন এবং অন্যদেরও এই রোজা পালনের নির্দেশ দেন।

ইসলামী শরিয়তে আশুরার রোজা নফল ইবাদত হিসেবে গুরুত্বপূর্ণ। অনেক ধর্মপ্রাণ মুসলমান ৯ ও ১০ মহররম অথবা ১০ ও ১১ মহররম রোজা পালন করেন। আগের বা পরের দিনসহ রোজা রাখার মাধ্যমে অন্য ধর্মাবলম্বীদের অনুসৃত প্রথা থেকে ভিন্নতা বজায় রাখার কথাও হাদিসে উল্লেখ রয়েছে।

তবে ইতিহাসের ধারাবাহিকতায় এই একই দিনে সংঘটিত হয় মুসলিম উম্মাহর অন্যতম হৃদয়বিদারক ঘটনা। ৬১ হিজরির ১০ মহররম কারবালা প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্য ও সঙ্গীরা শাহাদাতবরণ করেন। ফলে আশুরা মুসলমানদের কাছে ইবাদত ও আত্মত্যাগের এক গভীর তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়।

আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক বাণীতে বলেন, এই দিনের শিক্ষা মানুষকে অন্যায়, অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে অনুপ্রাণিত করে এবং সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানায়। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

দিনটি উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে কোরআনখানি, মিলাদ, দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। শিয়া সম্প্রদায় কারবালার শোকাবহ ঘটনার স্মরণে তাজিয়া মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ নির্দেশনাও জারি করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কুড়িগ্রাম -২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে সেচ্ছাসেবক দলের নির

কুড়িগ্রাম -২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে সেচ্ছাসেবক দলের নির