২১ হাজার কর্মী ছাঁটাই করল প্রযুক্তি জায়ান্ট 'ওরাকল' The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২১ হাজার কর্মী ছাঁটাই করল প্রযুক্তি জায়ান্ট 'ওরাকল'

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
২১ হাজার কর্মী ছাঁটাই করল প্রযুক্তি জায়ান্ট 'ওরাকল' ছবির ক্যাপশন:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তার এবং ব্যবসার কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব প্রযুক্তি খাত। এরই ধারাবাহিকতায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল গত এক বছরে প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করেছে বলে তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত ওরাকলের পূর্ণকালীন কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪১ হাজারে। অথচ এক বছর আগে একই সময়ে এই সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৬২ হাজার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা প্রায় ১৩ শতাংশ কমে গেছে। ওরাকল জানিয়েছে, ব্যবসায়িক কার্যক্রমে এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলেই এই বড় ধরনের কর্মী সংকোচন হয়েছে।

প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, ভবিষ্যতেও এআই প্রযুক্তির আরও বিস্তৃত ব্যবহার তাদের কর্মী কাঠামোতে অতিরিক্ত পরিবর্তন আনতে পারে। কিছু পদ ভবিষ্যতে বিলুপ্তও হয়ে যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মূলত ডেটা প্রসেসিং, অটোমেশন এবং ক্লাউডভিত্তিক সেবায় এআইয়ের ব্যবহার বাড়ায় অনেক প্রচলিত কাজের চাহিদা কমে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, ওরাকলের এই পদক্ষেপ প্রযুক্তি খাতে চলমান বৃহৎ রূপান্তরেরই একটি অংশ। বর্তমানে বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগ করছে। ডেটা সেন্টার তৈরি, উন্নত কম্পিউটিং সক্ষমতা বৃদ্ধি এবং নতুন এআই সেবা চালুর জন্য শত শত বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। এই বিশাল বিনিয়োগের চাপ সামলাতে অনেক প্রতিষ্ঠান কর্মী সংখ্যা কমানোর দিকে ঝুঁকছে।

ওরাকল জানিয়েছে, কর্মী ছাঁটাই ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনায় গত এক বছরে তাদের প্রায় ১৮০ কোটি ডলার ব্যয় হয়েছে। এই ব্যয়ের মধ্যে রয়েছে ক্ষতিপূরণ, চাকরি ছাড়ার সুবিধা এবং অন্যান্য পুনর্গঠন-সংক্রান্ত খরচ। আগের অর্থবছরে একই খাতে ব্যয় ছিল ৩৭ কোটি ৪০ লাখ ডলার, অর্থাৎ এক বছরের ব্যবধানে এই ব্যয় বহুগুণ বেড়েছে।

তবে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, এই পুনর্গঠন প্রক্রিয়ার কিছু ঝুঁকিও রয়েছে। কর্মী সংখ্যা কমে যাওয়ায় কিছু গুরুত্বপূর্ণ পদে দক্ষ জনবলের ঘাটতি দেখা দিতে পারে। এতে উৎপাদনশীলতা হ্রাস পাওয়ার পাশাপাশি ব্যবসার কার্যক্রমেও কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বর্তমানে ওরাকল এআই খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে বড় ধরনের অবকাঠামো উন্নয়নের দিকে এগোচ্ছে। ওপেনএআই, মেটা এবং অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য ডেটা সেন্টার ও এআই সাপোর্ট সিস্টেম তৈরি করছে তারা। চলতি বছরে অবকাঠামো খাতে অন্তত পাঁচ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে কোম্পানিটির।

এদিকে শুধু ওরাকল নয়, গুগল, অ্যামাজন এবং মেটার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও এআই খাতে বিশাল বিনিয়োগ করছে। একসঙ্গে এসব প্রতিষ্ঠান চলতি বছরে প্রায় ৬৫ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। অ্যামাজন জানিয়েছে, আগামী এক বছরে শুধু এআই খাতেই তারা প্রায় ২ হাজার কোটি ডলার ব্যয় করবে এবং একই সঙ্গে কয়েক ধাপে প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাও রয়েছে।

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে এআইয়ের দ্রুত বিস্তার কাজের ধরন বদলে দিচ্ছে। কিছু প্রচলিত চাকরি কমে যাচ্ছে, আবার নতুন ধরনের দক্ষতার চাহিদা তৈরি হচ্ছে। ফলে আগামী কয়েক বছরে প্রযুক্তি খাতে কর্মসংস্থানের কাঠামোতে আরও বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খাল খনন উদ্যোগকে স্বাগত জানালেন ডা. শফিকুর রহমান

খাল খনন উদ্যোগকে স্বাগত জানালেন ডা. শফিকুর রহমান