রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আয় ও ব্যয়ের মধ্যে বড় ধরনের ব্যবধানের তথ্য জাতীয় সংসদে তুলে ধরা হয়েছে। সংসদে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে বিটিভির মোট আয় হয়েছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। এর বিপরীতে একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় দাঁড়িয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
সোমবার জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে এ তথ্য উপস্থাপন করা হয়। সংসদে দেওয়া হিসাব অনুযায়ী, বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখা থেকে এসেছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা, যা মোট আয়ের বড় অংশ।
উপস্থাপিত তথ্য থেকে দেখা যায়, শুধু চলতি অর্থবছর নয়, গত কয়েক অর্থবছর ধরেও বিটিভির আয় ও ব্যয়ের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান বিদ্যমান। ২০২০-২১ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, যেখানে ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। পরবর্তী ২০২১-২২ অর্থবছরে আয় দাঁড়ায় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা এবং ব্যয় হয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা।
এ ছাড়া ২০২২-২৩ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, বিপরীতে ব্যয় হয় ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা এবং ব্যয় ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরে আয় হয়েছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, আর ব্যয় ছিল ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।
টেলিভিশন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দেশে বর্তমানে সম্প্রচাররত অধিকাংশ বেসরকারি টেলিভিশন চ্যানেলের ব্যয় আয়ের চেয়ে বেশি হলেও সাধারণত সেই ব্যবধান দ্বিগুণের বেশি হয় না। তবে রাষ্ট্রায়ত্ত বিটিভির ক্ষেত্রে আয়ের তুলনায় ব্যয় প্রায় ৩২ গুণ বেশি হওয়ায় বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে। আর্থিক ব্যবস্থাপনা ও রাজস্ব বৃদ্ধির প্রশ্নে বিটিভির এই চিত্র নতুন করে নজর কাড়ছে।
কসমিক ডেস্ক