সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী এলাকায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) সকালে স্থানীয়রা অফিসের সামনে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে দুর্বৃত্তরা বিএনপির ওই কার্যালয়ে হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। এ সময় অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু বলেন, সকালে নেতাকর্মীরা অফিসে এসে ভাঙচুর ও আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। পরে আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হলে তারা এসে ককটেল দুটি উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, “শনিবার সকালে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কারা জড়িত তা শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কসমিক ডেস্ক