ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে মাউরিসিও পোচেত্তিনোর দল। এই জয়ের ফলে সহ-আয়োজক মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। ম্যাচের ১১তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। ফরোয়ার্ড বালোগুনের দ্রুতগতির আক্রমণ থেকে করা ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার বার্জেস। তাঁর আত্মঘাতী গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।
গোল পাওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে স্বাগতিকরা। মাঝমাঠ ও আক্রমণভাগে আধিপত্য বজায় রেখে অস্ট্রেলিয়ার রক্ষণে একের পর এক চাপ সৃষ্টি করতে থাকে তারা। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ কাজে লাগায় যুক্তরাষ্ট্র। ফ্রিম্যানের হেড থেকে বল জালে জড়ালেও প্রথমে অফসাইডের কারণে গোল বাতিল করা হয়। তবে ভিএআর পর্যালোচনার পর রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করে গোল বৈধ ঘোষণা করেন। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে অস্ট্রেলিয়া। কিছু আক্রমণ গড়ে তুললেও যুক্তরাষ্ট্রের রক্ষণভাগকে বড় কোনো পরীক্ষার মুখে ফেলতে পারেনি তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রও নিজেদের লিড ধরে রাখতে নিয়ন্ত্রিত ফুটবল খেলে ম্যাচের শেষ পর্যন্ত এগিয়ে থাকে।
এই জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র শুধু নকআউট পর্বের টিকিটই নিশ্চিত করেনি, একই সঙ্গে একটি ঐতিহাসিক কীর্তিও গড়েছে। ১৯৩০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে টানা দুই ম্যাচ জয়ের স্বাদ পেল মার্কিনরা। প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারানোর পর এবার অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের জায়গা আরও শক্ত করেছে দলটি।
তবে ‘ডি’ গ্রুপের শীর্ষস্থান এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি যুক্তরাষ্ট্রের। তুরস্ক ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি। তবে নকআউট নিশ্চিত হওয়ায় আপাতত স্বস্তিতেই রয়েছে স্বাগতিক শিবির।
কসমিক ডেস্ক