বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। তবে ম্যাচটির আগে বড় ধাক্কা খেয়েছে এশিয়ার দলটি। হাঁটুর চোটের কারণে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার তাকেফুসা কুবোকে এই ম্যাচে পাচ্ছে না জাপান।
সোমবার (২৯ জুন) হিউস্টনে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুবো এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তাই নকআউট পর্বের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না দল।
বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে গিয়ে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পান ২৫ বছর বয়সী এই উইঙ্গার। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষেও মাঠের বাইরে ছিলেন তিনি। রোববারও দলের মূল অনুশীলনে অংশ না নিয়ে আলাদাভাবে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যান কুবো। চিকিৎসক ও কোচিং স্টাফের পরামর্শ অনুযায়ী, ব্রাজিলের বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে মরিয়াসু বলেন, কুবো এখনো ব্যক্তিগতভাবে দৌড় ও ফিটনেস অনুশীলন করছে। সে কারণে ব্রাজিলের বিপক্ষে তার খেলার সুযোগ নেই। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, কুবো দ্রুত সুস্থ হয়ে আবার দলের সঙ্গে যোগ দেবেন।
তারকা ফুটবলারকে ছাড়াই গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জাপান। তবে সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ ব্রাজিলকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে উল্লেখ করলেও নিজেদের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না জাপানের কোচ।
মরিয়াসু বলেন, ব্রাজিল সবসময়ই শিরোপার অন্যতম দাবিদার। অনেকেই জাপানকে আন্ডারডগ হিসেবে দেখবে। তবে দল ভয় পাচ্ছে না। অতীতেও অনেকেই জাপানের জয়ের সম্ভাবনা দেখেনি, কিন্তু দল চমক দেখাতে পেরেছিল। এবারও একই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে সামুরাই ব্লুরা। ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়েই ব্রাজিলের বিপক্ষে লড়াই করবে জাপান।
কসমিক ডেস্ক