রাত দুইটায় জনসভায় তারেক রহমান: ভোট পাহারার ডাক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাত দুইটায় জনসভায় তারেক রহমান: ভোট পাহারার ডাক

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
রাত দুইটায় জনসভায় তারেক রহমান: ভোট পাহারার ডাক ছবির ক্যাপশন:
ad728

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটের অধিকার জনগণকেই পাহারা দিয়ে রক্ষা করতে হবে। হাজার হাজার মানুষের উপস্থিতিই প্রমাণ করে জনগণের শক্তি কতটা অপ্রতিরোধ্য। এই শক্তির প্রকৃত প্রকাশ ঘটবে আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের দিনে।

রোববার (২৫ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সার্বিক তত্ত্বাবধানে এ জনসভার আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, রাত দুইটা পর্যন্ত অপেক্ষা করে মানুষের উপস্থিতি প্রমাণ করে জনগণ পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটের বাক্স পাহারা দিতে হবে। জনগণ একদিন কষ্ট স্বীকার করলে বিএনপি আগামী পাঁচ বছরে দেশের জন্য যে পরিকল্পনা করেছে, তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

গত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, একটি ফ্যাসিস্ট সরকার ডামি ও নিশিরাতের নির্বাচন আয়োজন করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জনগণের প্রস্তুতি দেখে একটি পক্ষ নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নির্বাচনের দিন করণীয় প্রসঙ্গে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ শেষে ভোটকেন্দ্রে যাবেন। মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মের ভাই-বোনেরাও লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন এবং সারাদিন কেন্দ্র পাহারা দেবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা। এই দেশ একটি ঘরের মতো, দেশের মানুষ একটি পরিবারের মতো। যেমন আমরা নিজের ঘর সাজাই, তেমনি দেশকেও সাজাতে হবে।

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, গত ১৭ বছরে দখল, লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে মানুষ চরম নির্যাতনের শিকার হয়েছে। সন্ত্রাস ও দুর্নীতি যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি সরকার গঠন করলে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, অসহায় ও দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। শিক্ষিত যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড এবং ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এর আগে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও দাউদকান্দির পথসভা শেষে রাত ১টা ৫৪ মিনিটে তিনি কাঁচপুর বালুর মাঠে পৌঁছান। সেখানে নেতাকর্মী ও স্থানীয় জনগণ ফুল, ব্যানার ও জাতীয় পতাকা নেড়ে তাকে স্বাগত জানান। রাত দুইটায় মঞ্চে উঠে তিনি জনতার শুভেচ্ছা গ্রহণ করেন এবং দেরিতে পৌঁছানোর জন্য ক্ষমা প্রার্থনা করেন।

জনসভায় তিনি নারায়ণগঞ্জের পাঁচটি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের নির্বাচিত করার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক বাড়ছেই, রাজনৈতিক উত্তেজনায় নতুন ম

পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক বাড়ছেই, রাজনৈতিক উত্তেজনায় নতুন ম