বেলস পার্ক মাঠে বিএনপির জনসভা, সকাল থেকেই নেতাকর্মীদের ঢল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বেলস পার্ক মাঠে বিএনপির জনসভা, সকাল থেকেই নেতাকর্মীদের ঢল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
বেলস পার্ক মাঠে বিএনপির জনসভা, সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ছবির ক্যাপশন:
ad728

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার প্রথমবারের মতো বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এ উপলক্ষে নগরের বেলস পার্ক মাঠে জনসভার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।

আজ সকাল ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, নারী ও পুরুষ নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন। তাঁদের হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে। কেউ কেউ মাথায় রঙিন ক্যাপ পরেছেন। মঞ্চের সামনে বসার জায়গা দখল করতে সকাল থেকেই অবস্থান নিচ্ছেন অনেকে।

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়ন যুবদলের নেতা মিজানুর রহমান জানান, ঢাকায় তারেক রহমানের আগমন উপলক্ষে তারা আগেও সেখানে উপস্থিত ছিলেন। বরিশালের জনসভায় তিনি প্রায় ৪০ জন নেতাকর্মী নিয়ে এসেছেন। তাঁর দাবি, সংসদ সদস্য প্রার্থীও একাধিক গাড়িবহর নিয়ে জনসভায় যোগ দেবেন।

এই জনসভায় বরিশাল বিভাগের ছয় জেলার বিএনপি প্রার্থীরা অংশ নেবেন। বিভাগের ২১টি সংসদীয় আসনের প্রার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল ইসলাম নূরও জনসভায় অংশ নেবেন। প্রধান অতিথি হিসেবে তারেক রহমান মঞ্চ থেকে প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, তারেক রহমানের বরিশাল আগমনকে ঘিরে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ দেখা গেছে। এই জনসভায় ছয় জেলার হাজার হাজার মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। নগরবাসীর ভোগান্তি কমাতে শহরের এক প্রান্তে জনসভাটি আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, দুপুর ১২টার দিকে তারেক রহমান জনসভায় যোগ দেবেন। জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতদের জন্য মঞ্চের পাশে আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে। তাঁদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি মঞ্চে উঠবেন।

জনসভাস্থল পরিদর্শনকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি ক্ষমতায় এলে জবাবদিহিমূলক সংসদ ও নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, এ অঞ্চলের মানুষের মধ্যে তারেক রহমানকে ঘিরে আবেগ ও ভালোবাসা রয়েছে।

তিনি আরও জানান, জনসভায় উপস্থিতির জন্য কোনো নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা হয়নি। যারা অংশ নিচ্ছেন, তারা স্বতঃস্ফূর্তভাবেই আসছেন। বরিশালবাসীর বিভিন্ন দাবি লিখিত আকারে তারেক রহমানের কাছে তুলে ধরা হবে।

এর আগে কয়েক দিন ধরে তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপির দলীয় প্রার্থীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দমিছিল ও প্রচারণা চালিয়েছেন।

এদিকে জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাবেশস্থলে আসা-যাওয়ার সব পথ পুলিশের নজরদারিতে থাকবে। পাশাপাশি আলাদা করে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

দলীয় সূত্র জানায়, বরিশালের জনসভা শেষে তারেক রহমান হেলিকপ্টারে ফরিদপুরে যাবেন। সেখানে দুপুরের পর আরেকটি জনসভায় বক্তব্য দেবেন এবং প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিরসরাইয়ে ‘ডিফেন্স ইকোনমিক জোন’ স্থাপনে নীতিগত অনুমোদন

মিরসরাইয়ে ‘ডিফেন্স ইকোনমিক জোন’ স্থাপনে নীতিগত অনুমোদন