গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। অভিযানে মাদক কারবারিদের ব্যবহৃত বলে সন্দেহ করা কয়েকটি গোপন কক্ষ ও সুড়ঙ্গপথের সন্ধান মিললেও কোনো মাদক কারবারি বা তাদের পৃষ্ঠপোষককে গ্রেপ্তার করা যায়নি।
রোববার (২৮ জুন) রাতে র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিমের নেতৃত্বে রাজধানী ঢাকা ও গাজীপুরের সীমান্তবর্তী তুরাগ নদের উত্তর তীরে অবস্থিত টঙ্গীর হাজী মাজার বস্তিতে এ অভিযান চালানো হয়।
র্যাব সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কয়েকটি কক্ষে বিশেষভাবে তৈরি করা গোপন স্থান এবং মাদক কারবারিদের পালিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত বলে সন্দেহ করা সুড়ঙ্গপথের অস্তিত্ব পাওয়া যায়।
তবে র্যাবের ধারণা, অভিযানের আগেই অভিযান পরিচালনার তথ্য মাদক কারবারিদের কাছে পৌঁছে যায়। ফলে তারা আগেই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ কারণে অভিযান চলাকালে কোনো মাদক ব্যবসায়ী বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। এমনকি অভিযানে কোনো মাদকদ্রব্যও জব্দ হয়নি।
র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল নেয়ামুল হালিম বলেন, মাদক নির্মূলে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং টঙ্গীর হাজী মাজার বস্তিসহ যেসব এলাকায় মাদক কারবারের অভিযোগ রয়েছে, সেসব স্থানে নজরদারি আরও জোরদার করা হবে। তিনি জানান, অভিযানে পাওয়া তথ্য ও স্থাপনার বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে টঙ্গী পশ্চিম থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) হানিফ জানান, র্যাবের অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং কোনো আলামত বা মাদকও জব্দ হয়নি। ফলে অভিযানের জব্দ তালিকা শূন্য রয়েছে।
কসমিক ডেস্ক