ট্রেনের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আরেকজন গুরুতর আহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ট্রেনের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আরেকজন গুরুতর আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
ট্রেনের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আরেকজন গুরুতর আহত ছবির ক্যাপশন:
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার সীমাই ব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় নুর নাহার (৩৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় রাশেদা বেগম নামে আরও এক নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুর প্রায় ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর নাহার পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ারবোনা গ্রামে। তিনি মো. মালেকের স্ত্রী। আহত রাশেদা বেগমও একই গ্রামের বাসিন্দা এবং সমিউদ্দীনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নুর নাহার ও রাশেদা বেগম সীমাই এলাকায় দিনমজুর হিসেবে কাজ করছিলেন। দুপুরে খাবারের জন্য বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা দুজন আহত হন। এতে নুর নাহারের শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গুরুতর আহত রাশেদা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাহিনা জানান, রাশেদা বেগমের মাথার বাম পাশে গভীর আঘাত লেগেছে এবং সেখানে রক্ত জমাট বেঁধেছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রুকন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আহতকে হাসপাতালে পাঠানোর পাশাপাশি নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

পটিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার প্রেমা বড়ুয়া জানান, সীমাই ব্রিজ এলাকায় রেললাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর নাহারের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিও হিসাব ও ব্যাংকিং নিয়ম ভেঙে শেয়ারবাজারে বড় অঙ্কের লুট

বিও হিসাব ও ব্যাংকিং নিয়ম ভেঙে শেয়ারবাজারে বড় অঙ্কের লুট