নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে।
জামায়াতের নেতাকর্মীদের দাবি, নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর সময় গোপালদী পৌরসভার বড় মোল্লারচর এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এতে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।
উপজেলা জামায়াতের দক্ষিণ শাখার আমির মাওলানা হাদিউল ইসলাম অভিযোগ করে বলেন, “মোল্লারচর গ্রামে আমাদের নারী কর্মীরা গণসংযোগে গেলে ওই গ্রামের বিএনপি কর্মী মোরশেদ তাদের বাধা দেন। খবর পেয়ে আমাদের প্রার্থী ইলিয়াস মোল্লাসহ নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।” তিনি দাবি করেন, এ ঘটনায় জামায়াতের অন্তত সাতজন নেতাকর্মী আহত হয়েছেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি কর্মী মোরশেদ। তিনি বলেন, “আমরা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা করিনি। বরং তারাই আগে আমাকে মারধর করেছে। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। বড় কোনো ঘটনা ঘটেনি।”
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, “আমাদের প্রার্থীর ব্যানারের সঙ্গে জামায়াতের ব্যানার স্থাপনকে কেন্দ্র করে সামান্য কথা-কাটাকাটি হয়েছিল। হামলার কোনো ঘটনা ঘটেনি। জামায়াতের প্রার্থী বিষয়টিকে অতিরঞ্জিত করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন।”
অন্যদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সেখান থেকেই বাগবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওসি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট মহল শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন।
কসমিক ডেস্ক