নওগাঁয় বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নওগাঁয় বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
নওগাঁয় বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন ছবির ক্যাপশন:
ad728

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি ইউনিয়নের মাখনা কোমলগোটা গ্রামে বিএনপি ও জামায়াতে ইসলামী কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহতদের মধ্যে জামায়াতে ইসলামীর চারজন এবং বিএনপির একজন কর্মীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালে ভর্তি জামায়াতের আহত কর্মীরা হলেন—হাঁসাইগাড়ি ইউনিয়নের কাটখইড় গ্রামের হাসান প্রামাণিক (৩৮), একই এলাকার জাহিদ হাসান (২৫), হাঁসাইগাড়ি গ্রামের মোস্তাফিজুর রহমান (৫৮) এবং চকরামপুর গ্রামের রুস্তম আলী (৪০)। বিএনপির আহত কর্মী রাকিব হাসান (২০) গোপাই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আ স ম সায়েম ওই এলাকায় যান। প্রচার শেষে তিনি ও তার কর্মী-সমর্থকরা একটি বাড়িতে অবস্থান করছিলেন।

এ সময় পাশের গোপাই গ্রামের বিএনপির কিছু কর্মী ওই বাড়ির আশপাশে ভিডিও ধারণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় দলের কর্মী-সমর্থকরা আহত হন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে হাঁসাইগাড়ি ইউনিয়ন বিএনপির কিছু নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে জামায়াতের কর্মীদের একটি বাড়িতে আটকে রাখে বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে।

আহত বিএনপি কর্মী রাকিব হাসান অভিযোগ করে বলেন, ভিডিও ধারণকে কেন্দ্র করে জামায়াতের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে আহত জামায়াত কর্মী হাসান প্রামাণিক দাবি করেন, ভিডিও ধারণকে ঘিরে ভুল বোঝাবুঝি থেকেই পরিস্থিতির অবনতি ঘটে।

নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, গণসংযোগ শেষে জামায়াতের প্রার্থীর ওপর অতর্কিত হামলা চালানো হয়, এতে তাদের একাধিক কর্মী আহত হয়েছেন।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, হামলার ঘটনায় বিএনপির কর্মীরাও আহত হয়েছেন এবং বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২ ফেব্রুয়ারির ভোটকে ‘ক্রিটিক্যাল’ আখ্যা-অর্থ উপদেষ্টা

১২ ফেব্রুয়ারির ভোটকে ‘ক্রিটিক্যাল’ আখ্যা-অর্থ উপদেষ্টা