লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে রাস্তায় ধান রোপণ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে রাস্তায় ধান রোপণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে রাস্তায় ধান রোপণ ছবির ক্যাপশন:

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিশারী জামে মসজিদ থেকে তহসিলদার বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ ‘মুক্তিযোদ্ধা সায়েদুলহক সড়ক’ দীর্ঘ ২৬ বছরেও পাকা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেও কোনো কার্যকর উদ্যোগ না পাওয়ায় এবার ব্যতিক্রমী উপায়ে প্রতিবাদ জানিয়েছেন তারা। কাদায় ভরা সড়কের ওপর ধানের চারা রোপণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, ২০০০ সালে রামগতি পৌরসভা গঠনের পর সড়কটি পৌরসভার আওতায় আসে। এর আগে এটি উপজেলা প্রশাসনের অধীনে ছিল। ১৯৯০ সালের দিকে এলাকাবাসী নিজেদের উদ্যোগে চলাচলের সুবিধার জন্য রাস্তাটি নির্মাণ করেন। পরবর্তীতে এটি পৌরসভার তালিকাভুক্ত হলেও গত ২৬ বছরে সড়কটি পাকা করার কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।

দীর্ঘ সময় ধরে জনপ্রতিনিধিদের কাছে দাবি জানালেও বাস্তব কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা কাদাযুক্ত রাস্তায় ধানের চারা রোপণ করেন। তাদের ভাষ্য, বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী এবং সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় বাসিন্দা ও আলেকজান্ডার এ এস এম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম নয়ম বলেন, উপজেলা প্রশাসনের অধীনে থাকাকালেও রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়নি। পরে পৌরসভা গঠনের পরও একের পর এক জনপ্রতিনিধি এলেও কেউ এই গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেননি।

আরেক বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কোনো কাজ হয়নি। তাই জনগণের দুর্ভোগ তুলে ধরতে এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য এলাকাবাসী রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, পৌরসভার একটি রাস্তার যদি এমন বেহাল অবস্থা হয়, তাহলে গ্রামের অন্যান্য রাস্তার পরিস্থিতি সহজেই অনুমান করা যায়।

তবে পৌরসভা সূত্র জানিয়েছে, মুক্তিযোদ্ধা সায়েদুলহক সড়কসহ মোট পাঁচটি রাস্তার উন্নয়নকাজ একটি প্যাকেজের আওতায় নেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে এবং বর্তমানে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রামগতি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফখরুল ইসলাম বাবলু বলেন, সড়কটি পাকা করার জন্য বরাদ্দ অনুমোদন হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়েছে। খুব শিগগিরই উন্নয়নকাজ শুরু হবে।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, টেন্ডারসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হবে।

এ বিষয়ে রামগতি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সড়ক উন্নয়নকাজ শুরু করার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি

কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি