গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে টানা ১২ দিন বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত থেকে কারখানাটিতে পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালু করা হয়।
যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় যান্ত্রিক ত্রুটি মেরামত সম্পন্ন হওয়ায় উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব হয়েছে।
কারখানা সূত্রে জানা যায়, দীর্ঘ ২৩ মাস গ্যাস সংকটে বন্ধ থাকার পর গত বছরের ২৩ ডিসেম্বর গ্যাস সংযোগ পাওয়ার মাধ্যমে যমুনা সার কারখানায় আবার ইউরিয়া উৎপাদন শুরু হয়। এরপর জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও রাজবাড়িসহ উত্তরবঙ্গের ১৯টি জেলায় এই কারখানার উৎপাদিত ইউরিয়া সার সরবরাহ করা হচ্ছিল।
তবে গত ২২ জানুয়ারি রাতে হঠাৎ গ্যাস সংকট দেখা দিলে ইউরিয়া উৎপাদনের জন্য প্রয়োজনীয় বুস্টার কম্প্রেসারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে বাধ্য হয়ে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। প্রায় ১১ দিন ধরে বুস্টার কম্প্রেসারের মেরামত কাজ শেষে মঙ্গলবার রাত থেকে পুনরায় উৎপাদন শুরু করা হয়।
উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানাটি দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা রাখে। উৎপাদন পুনরায় শুরু হওয়ায় কৃষি খাতে সার সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।