জামায়াত নেতার বসতবাড়িতে অগ্নিসংযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জামায়াত নেতার বসতবাড়িতে অগ্নিসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
জামায়াত নেতার বসতবাড়িতে অগ্নিসংযোগ ছবির ক্যাপশন:
ad728

বগুড়ার গাবতলী উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়ার অভিযোগে নেপালতলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলমগীর হোসেন আলমের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নেপালতলী ইউনিয়নের বুরুজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনভর নেপালতলী ইউনিয়নের বুরুজ বাজার ও কদমতলী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে গণসংযোগ চালানো হয়। একই সঙ্গে সেখানে একটি নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়। ওইদিন গভীর রাতে, আনুমানিক রাত আড়াইটার দিকে আলমগীর হোসেন আলমের বসতবাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে অভিযোগ ওঠে।

আগুনে বসতবাড়ির ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। তবে স্থানীয়রা আগুনের বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে আগুন লাগার কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন আলম বলেন, সারাদিন দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ চালানোর পর রাতেই তার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে তিনি এ ঘটনায় কাউকে সরাসরি অভিযুক্ত করতে চাননি।

এ বিষয়ে বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক মাওলানা আব্দুল হাকিম সরকার বলেন, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, তারা কাউকে অভিযুক্ত করতে চান না, তবে তাদের কর্মী ও নারী ভোটারদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানান তিনি।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, অগ্নিসংযোগের ঘটনায় বসতবাড়ির আসবাবপত্র পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ঘটনাটি স্থানীয়ভাবে উদ্বেগের সৃষ্টি করেছে। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা নির্বাচনী পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন এলাকাবাসী।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রশিদ খানের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান

রশিদ খানের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান