জামায়াত আমিরের একটি টুইটার (বর্তমানে এক্স) পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়ার পর বার্তার চাপে ভরে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামি) ইনবক্স। বিষয়টি নিয়ে তিনি নিজেই ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে শেহরীন আমিন ভূঁইয়া জানান, মাইগ্রেনের ব্যথার কারণে আগের রাতে তিনি দ্রুত ঘুমিয়ে পড়েছিলেন। ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান, জামায়াত আমিরের সেই এক্স পোস্ট নিয়ে তার ইনবক্সে অসংখ্য বার্তা জমা হয়েছে।
স্ট্যাটাসে তিনি লেখেন, মাইগ্রেনের কারণে আগের দিন তাড়াতাড়ি ঘুমিয়েছিলেন। সকালে উঠে দেখেন, জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস প্রসঙ্গে তার ইনবক্সে এক ধরনের ‘ঝড়’ বইছে। তিনি অনুরোধ করেন, সবাই যেন কিছুটা ধৈর্য ধরেন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগত জীবনের দায়িত্বের কথাও। সন্তানের স্কুল, অফিসে যাওয়ার প্রস্তুতি, রান্না ও ঘরের কাজ শেষ করার পরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় বসবেন বলে জানান। পাশাপাশি, প্রতিনিয়ত জবাবদিহি চাওয়ার প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াতে ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
এরপর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে ওই অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে। দলটির দাবি, জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।
বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, সম্প্রতি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলসহ দলের কয়েকজন শীর্ষ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে।
তিনি আরও বলেন, স্বল্প সময়ের জন্য প্রকাশিত ওই পোস্ট জামায়াত আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করে দলটি।