কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী পৃথক অভিযানে এক কেজি শুকনা গাঁজা এবং চারটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফজর আলী শুক্কুর (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানার একটি দল সদর ইউনিয়নের দফাদার মোড় সংলগ্ন সরু ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় ভূরুঙ্গামারী বাজারগামী একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ধানের ভূষিভর্তি একটি বস্তার ভেতর থেকে এক কেজি ভারতীয় শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি অটোরিকশা থেকে লাফিয়ে পালিয়ে যায়। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে একই দিন দুপুর ১২টার দিকে উপজেলার পাইকডাংগা এলাকায় ফজর আলী শুক্কুরের বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে বাড়ির উঠান থেকে দুটি পরিপক্ব গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
পরে বিকেলে সোনাহাট পুরাতন রেল ব্রিজ ও নবনির্মিত সড়ক সেতুর মধ্যবর্তী নদীতীর এলাকায় অভিযান চালিয়ে মালিকানাবিহীন আরও দুটি গাঁজা গাছ জব্দ করা হয়। সব মিলিয়ে দিনব্যাপী অভিযানে এক কেজি গাঁজা ও চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাদক কারবারিরা যেখানেই বা যেভাবেই মাদকের ব্যবসা পরিচালনা করুক না কেন, পুলিশ তা উদঘাটনে সক্ষম হবে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ধারাবাহিকভাবে চলবে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় মাদকমুক্ত ভূরুঙ্গামারী গড়ে তুলতে কাজ করা হবে।
কসমিক ডেস্ক