আমার বিরুদ্ধে ৭১-এর অভিযোগ তুললে মামলা করব: আজহারুল ইসলাম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আমার বিরুদ্ধে ৭১-এর অভিযোগ তুললে মামলা করব: আজহারুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
আমার বিরুদ্ধে ৭১-এর অভিযোগ তুললে মামলা করব: আজহারুল ইসলাম ছবির ক্যাপশন:
ad728

রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, তার বিরুদ্ধে ১৯৭১ সালের অভিযোগ তুলে কেউ রাজনীতি করলে তিনি আইনি ব্যবস্থা নেবেন।

গত শনিবার তারাগঞ্জ উপজেলার তেতুলতলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজহারুল ইসলাম বলেন, কিছু রাজনৈতিক নেতা তার বিরুদ্ধে বারবার ১৯৭১ সালের প্রসঙ্গ তুলে মিথ্যা অভিযোগ করছেন।

তিনি বলেন, “আমার এলাকায় আমি স্পষ্ট করে বলেছি—আমার বিরুদ্ধে যদি কেউ ৭১-এর অভিযোগ তোলে, আমি তার বিরুদ্ধে মামলা ঠুকে দেব। কারণ আমি ৭১ সালে কোনো অপরাধ করিনি। আমি প্রমাণিতভাবে জেল থেকে বের হয়ে এসেছি। এসব মিথ্যা কথা বললে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক নেতা বিদেশ থেকে এসে বড় বড় কথা বলছেন এবং মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। তাদের এসব বক্তব্যকে তিনি অসত্য ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, এটিএম আজহারুল ইসলাম ২০১২ সালের ২২ আগস্ট গ্রেপ্তার হন। পরবর্তীতে ২০১৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে কয়েকটি অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করে। রায়ে বলা হয়, ঝাড়ুয়ারবিল গণহত্যাসহ কয়েকটি ঘটনায় তার সম্পৃক্ততার কথা আদালত মনে করেছে। তবে অন্যান্য কয়েকটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সে অংশে তাকে নির্দোষ ঘোষণা করা হয়।

রায়ের পর আজহারুল ইসলাম দাবি করেন, মামলাটি রাজনৈতিকভাবে প্রভাবিত। তার আইনজীবীরাও একই দাবি তুলে আপিল করেন। তবে ২০১৯ সালে সুপ্রিম কোর্ট আপিল খারিজ করেন। এ সময় বিচার প্রক্রিয়া নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করে।

পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতে ইসলামী পক্ষ থেকে পুনরায় আপিল করা হলে ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগ এটিএম আজহারুল ইসলামকে সব অভিযোগ থেকে খালাস দেন। পরদিন তিনি কারাগার থেকে মুক্তি পান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস স্থানীয় সরকার উপদেষ্ট

স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস স্থানীয় সরকার উপদেষ্ট