বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, যতদিন তিনি জীবিত আছেন, ততদিন জামায়াতে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আসতে দেওয়া হবে না। জামায়াতের রাজনীতি ও ভূমিকা নিয়ে তিনি কঠোর সমালোচনামূলক বক্তব্য দেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে মিন্টু বলেন, জামায়াতে ইসলামী জনগণের উন্নয়নের রাজনীতি করে না। তাদের কর্মকাণ্ড সমাজে বিভাজন ও সংঘাত তৈরি করে বলেও তিনি মন্তব্য করেন। তার দাবি, এই ধরনের রাজনীতি দেশের স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য সহায়ক নয়।
তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে যেন জামায়াতে ইসলামীর কেউ জনপ্রতিনিধিত্বমূলক কোনো পদে নির্বাচিত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনা গেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারপ্রধান হলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। এজন্য তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান।
ফেনী-৩ আসনের দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে মিন্টু বলেন, নদীভাঙন রোধ, শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবার উন্নয়সহ সব ক্ষেত্রে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেনা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জায়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।