১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ভাগ্য বদলের নির্বাচন : সালাহউদ্দিন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ভাগ্য বদলের নির্বাচন : সালাহউদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ভাগ্য বদলের নির্বাচন : সালাহউদ্দিন ছবির ক্যাপশন:
ad728

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা ও দীর্ঘদিনের অপশাসন থেকে মুক্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে উৎপাদনশীল ও কর্মক্ষম হাতে পরিণত করা হবে।

তিনি বলেন, বিএনপি ও দেশের মানুষ বিশ্বাস করে আসন্ন নির্বাচন হবে দেশের মোড় ঘুরিয়ে দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়েই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং জনগণের রাষ্ট্রীয় মালিকানা পুনরুদ্ধার হবে।

বক্তব্যে সালাহউদ্দিন আহমদ নিজের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, তাকে গুম ও হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এবং একটি দেশে পাচার করা হয়। তবে জনগণের দোয়া ও ভালোবাসায় তিনি ফিরে আসতে সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে ব্যাংক লুট ও অর্থপাচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী একটি দল জনগণের মৌলিক চাহিদা ও কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে অবগত নয়। অথচ বিএনপি রাষ্ট্র পরিচালনায় সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে এবং উন্নয়নের ৩১ দফা জাতির সামনে তুলে ধরেছে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এই মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে বিএনপির কোনো আপস নেই। জনগণকে রাষ্ট্রের প্রকৃত মালিকানা ফিরিয়ে আনতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নিজের সংসদীয় এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের স্বপ্নের একটি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

খুটাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকতার কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ স্থানীয় নেতারা।

এদিকে, একই দিন দুপুরে চকরিয়ার দুর্গম বমুবিলছড়ি ইউনিয়নে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনী জনসভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওই সমাবেশে কড়া রোদ উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

সেখানে তিনি স্বাধীনতাপন্থি শক্তির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে জনগণ এখন সচেতন হয়েছে এবং ভবিষ্যতে তারা গণতান্ত্রিক ধারাকেই সমর্থন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ট্রাক উল্টে মহাসড়কে সিলিন্ডার ছড়িয়ে পড়ল, নিহত এক পথচারী

ট্রাক উল্টে মহাসড়কে সিলিন্ডার ছড়িয়ে পড়ল, নিহত এক পথচারী