রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ছবির ক্যাপশন:

রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছেন দলটির কয়েকজন নেতাকর্মী। সংক্ষিপ্ত ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২১ জুন) উপজেলার কানপাড়া–খড়খড়ি সড়কের ফলিয়ার বিল এলাকায় ১০ থেকে ১২ জন যুবক মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে একটি ঝটিকা মিছিল করেন। প্রায় ৫ থেকে ৬ মিনিট স্থায়ী ওই মিছিলে অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানারে ‘আয়োজনে—রাজশাহী জেলা আওয়ামী লীগ’ লেখা ছিল।

ব্যানারে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার ছবি ছিল। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও স্থান পায়। সেখানে ‘প্রত্যাবর্তন–০২’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগানও লেখা ছিল।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, মোটরসাইকেলে করে আসা ওই যুবকেরা ফলিয়ার বিল এলাকায় একটি সেতুর কাছে ব্যানার প্রদর্শন করে ছবি তোলেন এবং পরে সংক্ষিপ্ত মিছিল করে দ্রুত স্থান ত্যাগ করেন। ধারণা করা হচ্ছে, তারা ছাত্রলীগের কর্মী হতে পারেন।

ঘটনার ভিডিও ও ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের ফেসবুক আইডিতেও তা পোস্ট করা হয়। এরপর বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, ঝটিকা মিছিলের বিষয়টি তারা জেনেছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে মুখে মাস্ক ও হেলমেট থাকায় এখনো অংশগ্রহণকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশাসন জানিয়েছে, ঘটনার পেছনের উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ ছাড়ার আনুষ্ঠানিক আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ ছাড়ার আনুষ্ঠানিক আবেদন