কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রকৃত চাকরিপ্রার্থীর পরিবর্তে প্রক্সি দিয়ে অংশ নেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।
জানা যায়, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া চারজনের আচরণ সন্দেহজনক মনে হলে নিয়োগ বোর্ডের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে কাগজপত্র যাচাই করে দেখা যায়, প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে তাদের মিল না থাকায় প্রতারণার বিষয়টি সামনে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন যে, তারা প্রকৃত চাকরিপ্রার্থীর পরিবর্তে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাতেই তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ধারণা করছে, এ ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে, যারা নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ করে থাকে। এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি মো. কবির হোসেন মাতুব্বর জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, সরকারি নিয়োগ পরীক্ষায় এ ধরনের জালিয়াতি প্রশাসনিক স্বচ্ছতার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিচ্ছে।
কসমিক ডেস্ক