ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, কেউ যদি ভোটকেন্দ্র দখলের উদ্দেশ্যে আসে, তাহলে তাকে সহজে বাড়ি ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় খিলগাঁওসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, একটি রাজনৈতিক দলের সাম্প্রতিক বক্তব্য ও তৎপরতা লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায়, তারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়েই এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে তিনি জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভোটকেন্দ্র দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও কেউ আইন নিজের হাতে তুলে নেবে না। শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপচেষ্টা মোকাবিলা করা হবে বলে তিনি আশ্বাস দেন।
চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকা-৮ আসনে ‘যুদ্ধ ঘোষণা’ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিছু মানুষ সকালে ঘুম থেকে উঠেই চাঁদাবাজির চিন্তা করে এবং রাতে ঘুমানোর আগেও পরের দিনের চাঁদাবাজির পরিকল্পনা করে। এ ধরনের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।
তিনি আরও বলেন, জনগণের এই পরিবর্তনের আকাঙ্ক্ষার কারণেই এবারের নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীরা বিজয়ী হবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক অভিযোগ করে বলেন, গুলিস্তান এলাকায় হকিস্টিক ও স্ট্যাম্পের সংকট দেখা দিয়েছে, যা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতির ইঙ্গিত দেয়। তবে এসব তথ্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি না করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী খিলগাঁও বাজার, অফিসার্স কলোনি, মমিনবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তার বক্তব্যে ভোটকেন্দ্রের নিরাপত্তা, সুষ্ঠু নির্বাচন এবং চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি গুরুত্ব পায়, যা স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
কসমিক ডেস্ক