রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আগেও ছিল এবং এখনো রয়েছে বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আ. লতিফ ফরাজি। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও মানবিক ও ন্যায়ের প্রশ্নে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় বরগুনার পাথরঘাটা পৌরশহরে জনসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন জাপা প্রার্থী।
আ. লতিফ ফরাজি বলেন, “আওয়ামী লীগের সঙ্গে আমাদের বন্ধুত্ব আগেও ছিল, এখনো আছে। তাদের প্রতি যদি কোনো অন্যায় হয়, জাতীয় পার্টি তাদের পাশে থাকবে। আওয়ামী লীগের যারা আছেন, তারা অবশ্যই বিষয়টি মূল্যায়ন করবেন।”
তিনি আরও বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। কেউ অন্যায় করলে তার বিচার হওয়া উচিত, তবে সেই বিচার হতে হবে ন্যায়সঙ্গত ও আইনসম্মত। তাঁর ভাষায়, “আমি যদি অন্যায় করি, আমারও বিচার হবে। যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তার বিচার হওয়া উচিত। কিন্তু কোনো নিরীহ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়। আওয়ামী লীগের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।”
নির্বাচনী প্রসঙ্গে কথা বলতে গিয়ে জাপা প্রার্থী বলেন, জাতীয় পার্টি সবসময় উন্নয়ন ও জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাস করে। তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলের অবদানের কথা উল্লেখ করে বলেন, গ্রামাঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণে জাতীয় পার্টির ভূমিকা মানুষ এখনো স্মরণ করে।
আ. লতিফ ফরাজি বলেন, “হুসেইন মুহম্মদ এরশাদ দেশের গ্রামবাংলার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন। সেই উন্নয়নের ধারাবাহিকতায় সাধারণ মানুষ এবারও জাতীয় পার্টির লাঙ্গল মার্কায় ভোট দেবেন বলে আমি বিশ্বাস করি।”
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা জাতীয় পার্টির সভাপতি খলিলুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ দলটির ২০ থেকে ৩০ জন নেতাকর্মী।
স্থানীয় রাজনৈতিক মহলে জাপা প্রার্থীর এই বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের মাঠে বিভিন্ন দলের অবস্থান ও বক্তব্য ভোটারদের সিদ্ধান্তে কী প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর পর্যবেক্ষকদের।
কসমিক ডেস্ক