দুর্নীতির অতীত ভুলে বিএনপিকে আর বিশ্বাস করছে না জনগণ: জাগপা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দুর্নীতির অতীত ভুলে বিএনপিকে আর বিশ্বাস করছে না জনগণ: জাগপা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
দুর্নীতির অতীত ভুলে বিএনপিকে আর বিশ্বাস করছে না জনগণ: জাগপা ছবির ক্যাপশন:
ad728

বিএনপি অতীতে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে উল্লেখ করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর নির্বাচন পরিচালনা লিয়াজোঁ কমিটির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম বলেছেন, অতীতের সেই দুর্নীতির কারণেই দেশের জনগণ, প্রবাসী এবং তরুণ ভোটাররা এবার বিএনপিকে ভোট দেবে না।

সোমবার বিকেলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার, গাজীপুরে ছাত্রদলের ছুরিকাঘাতে এক নারী ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ সফিকুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিতে পারে—এমন আশঙ্কাও তৈরি হয়েছে। তার মতে, বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড ভবিষ্যৎ বাংলাদেশের জন্য নতুন এক ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ঝুঁকি তৈরি করছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে দেশি-বিদেশি অশুভ শক্তি অপপ্রচার চালাচ্ছে। তার দাবি, ওই হ্যাকিংয়ে রাষ্ট্রপতির দপ্তরের একটি ই-মেইল ব্যবহার করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন, যা দুঃখজনক ও লজ্জাজনক।

তিনি আরও অভিযোগ করেন, গত এক সপ্তাহ ধরে রাশেদ প্রধানের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা করা হচ্ছে এবং তার ফোন কলে নজরদারি চলছে। এসব কর্মকাণ্ডকে ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন হেনস্তার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে তিনি বিএনপির নেতাকর্মীদের এ ধরনের আচরণের নিন্দা জানান।

সফিকুল ইসলাম বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ভোটাররা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়বে। তিনি অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান—সন্ত্রাসের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।

তিনি জাগপার পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ শোষণ, বঞ্চনা, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। সেই বিপ্লবের মূল লক্ষ্য ছিল জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠা। তিনি বলেন, জুলাই চেতনাকে সাংবিধানিক স্বীকৃতি দিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় জরুরি।

তার মতে, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে স্থানীয় জনপ্রতিনিধি, সরকার ও প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে। এ লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, নির্বাচন পরিচালনা লিয়াজোঁ কমিটির সদস্য সচিব এস এম জিয়াউল আনোয়ার, সদস্য নজরুল ইসলাম বাবলু, মো. সাব্বির আহমেদসহ দলের অন্যান্য নেতারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হার্ট অ্যাটাক করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান

হার্ট অ্যাটাক করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান