ভুল পথে গেলে দেশ পিছিয়ে যাবে: ঢাকা-১৭ আসনে আব্দুস সালাম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভুল পথে গেলে দেশ পিছিয়ে যাবে: ঢাকা-১৭ আসনে আব্দুস সালাম

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
ভুল পথে গেলে দেশ পিছিয়ে যাবে: ঢাকা-১৭ আসনে আব্দুস সালাম ছবির ক্যাপশন:
ad728

আগামী ১২ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, এই নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে স্বাধীনতার অর্জন হুমকির মুখে পড়তে পারে।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর ঢাকা-১৭ আসনের ভাসানটেক ও ক্যান্টনমেন্ট এলাকায় নির্বাচনী প্রচার কার্যক্রম এবং সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সাবেক সেনা কর্মকর্তা ছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুস সালাম বলেন, বাংলাদেশের ইতিহাসে দুঃসময় নতুন কিছু নয়। তবে দেশ বর্তমানে একটি কঠিন সময় অতিক্রম করছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “১৯৭১ সালে যদি আমরা স্বাধীন না হতাম, তাহলে আজও পরাধীন থাকতাম। ১৯৭৫ সালের পর যদি ভুল সিদ্ধান্ত নেওয়া হতো এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি দেশের হাল না ধরতেন, তাহলে স্বাধীনতার সমাপ্তি ঘটত।”

তিনি আরও বলেন, এবারও যদি জাতি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে দেশ অনেক পিছিয়ে যাবে। তার মতে, বর্তমান নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে আব্দুস সালাম বলেন, দেশ থাকলেই ব্যক্তি থাকবে—দেশ না থাকলে ব্যক্তির অস্তিত্বের প্রশ্নই ওঠে না। এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, দেশ না থাকলে মানুষ কীভাবে থাকবে। তার বক্তব্যে উপস্থিত জনতা একমত পোষণ করে ‘ঠিক’ বলে সাড়া দেয়।

বিএনপি নেতা আরও অভিযোগ করেন, দেশে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে যাতে এই নির্বাচনটি না হয়। তার দাবি, এই ষড়যন্ত্রের সূচনা হয়েছে শেখ হাসিনার শাসনামল থেকেই। তিনি বলেন, নির্বাচন বানচাল হলে দেশ ও গণতন্ত্র উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।

আব্দুস সালাম সবাইকে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান। তিনি বলেন, সঠিক সিদ্ধান্ত ও সচেতন অংশগ্রহণের মাধ্যমেই দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং ভবিষ্যৎ নিরাপদ রাখা সম্ভব।

সভা শেষে নেতাকর্মীরা জানান, তার বক্তব্য নির্বাচনী মাঠে দলীয় কর্মীদের নতুন করে অনুপ্রাণিত করেছে এবং আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে ঢাকার কড়া প্রতিবাদ

মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে ঢাকার কড়া প্রতিবাদ