আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জারি করা এক আদেশে এ তথ্য জানায় এনবিআর। আদেশে বলা হয়, আয়কর আইন ২০২৩-এর ধারা ৩৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে স্বাভাবিক ব্যক্তি (Individual) ও হিন্দু অবিভক্ত পরিবার (HUF) করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময়সীমা ৩১ জানুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
আয়কর আইন অনুযায়ী, প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। তবে চলতি করবর্ষে বিশেষ পরিস্থিতির কারণে তিন দফায় মোট তিন মাস সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
এনবিআরের তথ্যমতে, চলতি করবর্ষে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি কর্তৃক রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
২০২৫-২৬ করবর্ষে কয়েকটি শ্রেণির করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হলেও তারা চাইলে স্বেচ্ছায় ই-রিটার্ন দাখিল করতে পারবেন। একই সঙ্গে করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমেও এ বছর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও, তারা চাইলে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এ জন্য পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠালে সংশ্লিষ্ট করদাতার ই-মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠানো হচ্ছে।
এনবিআর জানিয়েছে, এসব উদ্যোগের মাধ্যমে করদাতাদের জন্য রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করা হয়েছে। সময় বাড়ানোর ফলে করদাতারা নির্বিঘ্নে রিটার্ন দাখিল করতে পারবেন বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।
কসমিক ডেস্ক