আইনশৃঙ্খলা বাহিনীকে সততা ও নিরপেক্ষতার আহ্বান ইসি সানাউল্লাহর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আইনশৃঙ্খলা বাহিনীকে সততা ও নিরপেক্ষতার আহ্বান ইসি সানাউল্লাহর

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
আইনশৃঙ্খলা বাহিনীকে সততা ও নিরপেক্ষতার আহ্বান ইসি সানাউল্লাহর ছবির ক্যাপশন:
ad728

ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না।

শনিবার (৩১ জানুয়ারি) ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে এক সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার বিষয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘পুলিশসহ সব বাহিনীকে পেশাদারিত্ব, সততা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ দেওয়া যাবে না।’

ইসি সানাউল্লাহ আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে যেন ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে বিশেষভাবে নজর দিতে হবে। ভোটকেন্দ্রে ভয়ভীতি, প্রভাব বিস্তার বা পক্ষপাতমূলক আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঝালকাঠি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব দপ্তরকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ইয়াসির আরাফাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ভিজিল্যান্স টিমের সদস্যরা। সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

সভায় অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, সম্ভাব্য ঝুঁকি ও তা মোকাবিলায় করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

নির্বাচন কমিশনের এই কড়া বার্তাকে সামনে রেখে ঝালকাঠিতে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায়, সারাদেশে শীত বাড়ার পূর্বা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায়, সারাদেশে শীত বাড়ার পূর্বা