সনদনির্ভর নয় কর্মমুখী শিক্ষাই সরকারের অগ্রাধিকার : ববি হাজ্জাজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সনদনির্ভর নয় কর্মমুখী শিক্ষাই সরকারের অগ্রাধিকার : ববি হাজ্জাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 28, 2026 ইং
সনদনির্ভর নয় কর্মমুখী শিক্ষাই সরকারের অগ্রাধিকার : ববি হাজ্জাজ ছবির ক্যাপশন:

দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ভবিষ্যতের শিক্ষা এমন হবে যেখানে শিক্ষার্থীরা কেবল ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং দক্ষতা, নৈতিকতা এবং বাস্তব কর্মজীবনের উপযোগী যোগ্যতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

রবিবার (২৮ জুন) ঢাকার তেজগাঁও কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, শুধুমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নয়, শিক্ষার্থীদের প্রকৃত শেখা, দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।

ববি হাজ্জাজ জানান, ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের গড় এইচএসসি শিক্ষার্থীর শিক্ষাগত দক্ষতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সমমানের। তিনি বলেন, এই বাস্তবতা দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং পরিকল্পনার ঘাটতির কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার সনদ অর্জনের পরও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তনে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী এমন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করছে, যেখানে কর্মসংস্থানের সুযোগ তুলনামূলকভাবে সীমিত। তাই সময়োপযোগী, দক্ষতাকেন্দ্রিক এবং ক্যারিয়ারভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এখন সময়ের দাবি।

তিনি নৈতিক শিক্ষার গুরুত্বও তুলে ধরে বলেন, উন্নত রাষ্ট্র গঠনে মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থায় এসব বিষয়ের ওপর আরও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে তেজগাঁও কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মোখলেস উর রহমান, শিক্ষক এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে মানুষের ঢল

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে মানুষের ঢল