জাতীয় নির্বাচন উপলক্ষে হাসপাতাল গুলোতে ১০ দফা নির্দেশনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাতীয় নির্বাচন উপলক্ষে হাসপাতাল গুলোতে ১০ দফা নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
জাতীয় নির্বাচন উপলক্ষে হাসপাতাল গুলোতে ১০ দফা নির্দেশনা ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্বাচনকালীন সময়ে সারা দেশে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় ও সিভিল সার্জন কার্যালয়ে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনা অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে বিভিন্ন প্রশাসনিক স্তরে পর্যাপ্ত মেডিকেল টিম গঠন করতে হবে। প্রতিটি সিটি করপোরেশনে ছয়টি, বিভাগীয় পর্যায়ে চারটি, জেলা পর্যায়ে তিনটি, উপজেলা পর্যায়ে দুটি এবং ইউনিয়ন পর্যায়ে একটি করে মেডিকেল টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রধান বা স্বাস্থ্য প্রশাসক স্থানীয় প্রয়োজন ও জনবলের প্রাপ্যতা অনুযায়ী এসব টিমের সদস্য নির্ধারণ করবেন।

এ ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে জরুরি বিভাগে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত রোগী পরিবহন নিশ্চিত করা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কোনো কারণে প্রতিষ্ঠান প্রধান ছুটিতে থাকলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর লিখিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে হবে।

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর ক্ষেত্রেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে নির্বাচনকালীন সময়ে চিকিৎসকের সার্বক্ষণিক উপস্থিতিতে জরুরি বিভাগ চালু রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া রোগী রেফার্ডের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা এবং রোগী ও স্বজনদের যথাযথ কাউন্সেলিং করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী চিকিৎসাসেবা প্রদানের কথাও উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, নির্বাচনকালীন সময়ে জরুরি বিভাগ ছাড়াও অন্তঃবিভাগ, ল্যাবরেটরি, ক্যাথল্যাব, ডায়ালাইসিস সেন্টার, সিটি স্ক্যান ও এমআরআই সেন্টার নিয়মিতভাবে চালু রাখতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর আশা করছে, এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনকালীন সময়ে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলায় রাজনীতি থাকবে না: দুলু

বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলায় রাজনীতি থাকবে না: দুলু