চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনা নিয়ে আপিল খারিজ, চুক্তিতে আইনি বাধা নেই The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনা নিয়ে আপিল খারিজ, চুক্তিতে আইনি বাধা নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনা নিয়ে আপিল খারিজ, চুক্তিতে আইনি বাধা নেই ছবির ক্যাপশন:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে এ বিষয়ে হাইকোর্টের রুল খারিজের রায় বহাল থাকল এবং ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষ থেকে করা লিভ টু আপিল খারিজ করে দেন আদালত।

আদালতে লিভ টু আপিলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক রুশদ হক।

আদালতের আদেশের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক রুশদ হক বলেন, আপিল বিভাগ সবকিছু শুনে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। আদালত তাদের পর্যবেক্ষণে উল্লেখ করেছেন যে, চুক্তি প্রক্রিয়ার আলোচনায় কোনো আইনের ব্যত্যয় ঘটেনি এবং এতে কোনো ধরনের অস্বচ্ছতার প্রমাণ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মামলাকারীদের এই বিষয়ে মামলা করার লোকাস স্ট্যান্ডাইও নেই বলে আদালত মত দিয়েছেন। ফলে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি প্রক্রিয়া এগিয়ে নিতে এখন আর কোনো আইনি বাধা নেই।

এর আগে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। এই সমঝোতার মাধ্যমে টার্মিনাল পরিচালনায় সহযোগিতার বিষয়টি আলোচনায় আসে।

পরবর্তীতে ২০২৪ সালে গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় জিটুজি ভিত্তিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করে।

তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। অনেকেই এই চুক্তি নিয়ে প্রশ্ন তোলেন এবং বিষয়টি নিয়ে জনমত তৈরি হয়।

এরই মধ্যে ‘নিউমুরিং টার্মিনালে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে’ শিরোনামে একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনকে যুক্ত করে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন হাইকোর্টে একটি রিট আবেদন করেন।

রিটে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। প্রাথমিক শুনানি শেষে গত বছরের ৩০ জুলাই হাইকোর্ট একটি রুল জারি করেন।

সেই রুলে জানতে চাওয়া হয়, কেন এই চুক্তি প্রক্রিয়াকে বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন, ২০১৫ এবং পিপিপি প্রকল্প বাস্তবায়ন নীতিমালা, ২০১৭-এর লঙ্ঘন এবং স্বেচ্ছাচারী ঘোষণা করা হবে না।

রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ বিভক্ত রায় দেন। জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি-সংক্রান্ত প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন। অন্যদিকে বিচারপতি ফাতেমা আনোয়ার রিট আবেদন খারিজ করে দেন।

পরে বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠানো হয়। দীর্ঘ শুনানি শেষে গত ২৯ জানুয়ারি তিনি রুল খারিজ করে রায় দেন।

এই রায়ের বিরুদ্ধে গত ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল করেন রিটকারী পক্ষ। তবে সর্বশেষ আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দেন, ফলে হাইকোর্টের রুল খারিজের রায় বহাল থাকে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সংসদে টিকে থাকার লড়াইয়ে জামায়াতই এনসিপির ভরসা

সংসদে টিকে থাকার লড়াইয়ে জামায়াতই এনসিপির ভরসা