পঞ্চগড়ে অভিযানে ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পঞ্চগড়ে অভিযানে ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
পঞ্চগড়ে অভিযানে ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস ছবির ক্যাপশন:

পঞ্চগড় সদর উপজেলায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ১৬৫টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার টুনিরহাট এলাকায় পরিচালিত এ অভিযানে জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান পরিচালনা করেন পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টুনিরহাট বাজারের তিনটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। এর মধ্যে অবৈধ জাল বিক্রির দায়ে দোকানদার মাহবুব আলমকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে অভিযান চলাকালে দুই দোকানের মালিক ঘটনাস্থল থেকে সরে যান। পরে তাদের দোকানে থাকা কারেন্ট জাল জব্দ করা হয়। উদ্ধার করা সব জাল প্রশাসনের হেফাজতে নিয়ে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, অবৈধ কারেন্ট জাল ব্যবহারের কারণে নদী-নালা, খাল-বিল ও জলাশয়ে মাছের পোনা এবং ছোট আকারের মাছ নির্বিচারে ধ্বংস হয়। এর ফলে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ে।

উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাছের প্রজনন, জলজ সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযান জোরদার হলে অবৈধ জালের ব্যবহার কমবে এবং দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেড় বছরে পরিস্থিতির উন্নতি হয়নি, সরকার জবাবদিহিহীন: রিজভী

দেড় বছরে পরিস্থিতির উন্নতি হয়নি, সরকার জবাবদিহিহীন: রিজভী