জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় বড় সংস্কারের পরিকল্পনা : ববি হাজ্জাজ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় বড় সংস্কারের পরিকল্পনা : ববি হাজ্জাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় বড় সংস্কারের পরিকল্পনা : ববি হাজ্জাজ ছবির ক্যাপশন:

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার আনার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষাকে যুগোপযোগী, দক্ষতা-ভিত্তিক এবং শিশু-বান্ধব করে গড়ে তুলতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

বুধবার (২৪ জুন) সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে জাপানের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রাথমিক শিক্ষার জন্য একটি নতুন কারিকুলাম প্রণয়নের কাজ চলছে। এই কারিকুলামে শিক্ষার্থীদের জন্য আরও আনন্দময়, চ্যালেঞ্জিং এবং বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে সিভিক এডুকেশন, ক্রীড়া শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা, গণিত ও বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, জাপানের নাগরিক শিক্ষা বিশ্বজুড়ে প্রশংসিত। বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা, নৈতিকতা ও নাগরিক মূল্যবোধ গড়ে তুলতে জাপানের অভিজ্ঞতা অত্যন্ত কার্যকর হতে পারে। এ কারণে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে জাপানের সঙ্গে সহযোগিতা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিজ্ঞান ল্যাবের মতোই গণিত শিক্ষাকে আকর্ষণীয় ও প্রযুক্তিনির্ভর করতে ধাপে ধাপে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব স্থাপন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে গণিত শেখার সুযোগ পাবে, যা তাদের শেখার আগ্রহ বাড়াবে।

এ বিষয়ে জাইকার কারিগরি সহায়তা, প্রশিক্ষণ এবং পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। জাইকা দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষা খাতে কাজ করে আসছে এবং তাদের অভিজ্ঞতা এই সংস্কার কার্যক্রমকে সফল করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ববি হাজ্জাজ আরও জানান, প্রাথমিক শিক্ষায় কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ থাইল্যান্ড ও তুরস্কের শিক্ষা প্রশাসন ব্যবস্থাও পর্যালোচনা করছে। মাঠপর্যায়ের অফিসগুলোর দায়িত্ব বণ্টন, জবাবদিহিতা নিশ্চিত করা, কর্মদক্ষতা মূল্যায়ন (KPI) এবং মনিটরিং ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে জাইকা প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে চলমান সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন। তারা কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং শিক্ষা প্রশাসনের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মোখলেছুর রহমান, যুগ্মসচিব (পরিকল্পনা) মো. ছাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. ইকবাল হাসান এবং জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেনটেটিভ মোরিকাওয়া ইউকোসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞদের মতে, জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় এই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতা বিকাশ এবং আন্তর্জাতিক মানের শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা তৈরি হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কুমিল্লায় জলাবদ্ধ সড়কের ড্রেনে পড়ে ৮ বছরের শিশুর মর্মান্তিক

কুমিল্লায় জলাবদ্ধ সড়কের ড্রেনে পড়ে ৮ বছরের শিশুর মর্মান্তিক