মাতৃত্বকালীন ছুটি নিয়ে জাপানে তুমুল বিতর্ক, আলোচনার কেন্দ্রে নারী মেয়র শোকো কাওয়াতা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাতৃত্বকালীন ছুটি নিয়ে জাপানে তুমুল বিতর্ক, আলোচনার কেন্দ্রে নারী মেয়র শোকো কাওয়াতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
মাতৃত্বকালীন ছুটি নিয়ে জাপানে তুমুল বিতর্ক, আলোচনার কেন্দ্রে নারী মেয়র শোকো কাওয়াতা ছবির ক্যাপশন:

মাতৃত্বকালীন ছুটি নেওয়া বিশ্বের অনেক দেশেই কর্মজীবী নারীদের স্বাভাবিক অধিকার হিসেবে বিবেচিত হলেও, জাপানে একজন দায়িত্বে থাকা মেয়রের একই সিদ্ধান্ত জাতীয় বিতর্কের বিষয় হয়ে উঠেছে। পশ্চিম জাপানের ইয়াওয়াতা শহরের মেয়র শোকো কাওয়াতা মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা, জনমত জরিপ এবং নানা ধরনের প্রতিক্রিয়া।

গত মে মাসে দেওয়া এই ঘোষণার পরও বিষয়টি জাপানের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সোমবার ইয়াওয়াতা সিটি অ্যাসেম্বলিতে বক্তব্য দিয়ে কাওয়াতা জানান, তার অনুপস্থিতিতে ডেপুটি মেয়র প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং এতে তিনি পূর্ণ আস্থা রাখেন।

জাপানের প্রভাবশালী সংবাদপত্র মাইনিচি শিম্বুন এক সম্পাদকীয়তে কাওয়াতার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে লিখেছে, কর্মীদের জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে সহায়ক পরিবেশ তৈরি করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। সম্পাদকীয়তে আরও বলা হয়, জাপানকে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মাতৃত্ব কিংবা পিতৃত্বকালীন ছুটি নেওয়াকে স্বাভাবিক বিষয় হিসেবে দেখা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে শোকো কাওয়াতা বলেন, তিনি কল্পনাও করেননি যে তার সিদ্ধান্ত এত বড় বিতর্ক তৈরি করবে। তার মতে, জাপানে এখনো এমন ধারণা প্রচলিত রয়েছে যে কর্মজীবনে সফল হতে হলে ব্যক্তিগত জীবনকে বিসর্জন দিতে হয়।

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপান বর্তমানে জনসংখ্যা হ্রাসের বড় সংকট মোকাবিলা করছে। যদিও দেশটিতে কর্মজীবী নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটির আইন রয়েছে, তবে নির্বাচিত মেয়রদের ক্ষেত্রে সেই আইন সরাসরি প্রযোজ্য নয়। ফলে দায়িত্বে থাকা কোনো মেয়রের মাতৃত্বকালীন ছুটির বিষয়টি নতুন বাস্তবতার জন্ম দিয়েছে।

৩৫ বছর বয়সী শোকো কাওয়াতা জাপানের ইতিহাসে প্রথম দায়িত্ব পালনরত মেয়র, যিনি আনুষ্ঠানিকভাবে মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন। তিনি বলেন, শুরুতে সমালোচনা থাকলেও ধীরে ধীরে অনেক মানুষ বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করতে শুরু করেছেন।

নারীদের কর্মজীবনের বাস্তবতা তুলে ধরে কাওয়াতা বলেন, সন্তান জন্মদান নারীর শরীরে সরাসরি প্রভাব ফেলে, যা পুরুষদের ক্ষেত্রে ঘটে না। ফলে নারীদের জন্য কর্মজীবন ও মাতৃত্বের ভারসাম্য রক্ষা একটি ভিন্ন ধরনের বাস্তবতা তৈরি করে।

সাম্প্রতিক জেন্ডার গ্যাপ রিপোর্ট অনুযায়ী, ১৪৮টি দেশের মধ্যে জাপানের অবস্থান ১১৮তম, যা জি-৭ দেশগুলোর মধ্যে সবচেয়ে নিচে। দেশটিতে স্থানীয় সরকারের মাত্র ৩০ শতাংশ কাউন্সিলর নারী এবং তাদের মধ্যে ৪০ বছরের কম বয়সী নারীর সংখ্যা মাত্র ১ দশমিক ২ শতাংশ। এই পরিসংখ্যানই নেতৃত্বের পর্যায়ে নারীদের সীমিত অংশগ্রহণের চিত্র তুলে ধরে।

৩৩ বছর বয়সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিশুযত্ন ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনে জয়ী হয়ে জাপানের সর্বকনিষ্ঠ নারী মেয়র হন শোকো কাওয়াতা। তিনি কোনো রাজনৈতিক পরিবারের সদস্য নন। কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করার পর প্রথমে কেস ওয়ার্কার হিসেবে কাজ করেন। পরে রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করে ২০২৩ সালে মেয়র নির্বাচিত হন।

মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি জনসংখ্যা হ্রাসের সমস্যাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখেছেন। তার নির্বাচনী এলাকার জনসংখ্যা ২০০২ সালে ছিল ৭৪ হাজার ৩২৯ জন। ২০২৬ সালের এপ্রিল নাগাদ তা কমে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৮৭৬ জনে।

কাওয়াতার ভাষায়, জনসংখ্যা কমে যাওয়ার বিষয়টি সম্পর্কে আগে থেকেই ধারণা থাকলেও মেয়রের দায়িত্ব নেওয়ার পর তিনি সমস্যাটির গভীরতা আরও স্পষ্টভাবে উপলব্ধি করেছেন।

নিজের মাতৃত্বকালীন ছুটির পরিকল্পনাও তাকে নতুনভাবে করতে হচ্ছে, কারণ এর আগে জাপানে দায়িত্বে থাকা কোনো মেয়র এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাননি। তিনি জাতীয় নিয়ম অনুসরণ করে আগামী ডিসেম্বরের মধ্যে কাজে ফেরার আশা প্রকাশ করেছেন।

প্রথম সন্তানের মা হতে যাওয়া কাওয়াতা বিশ্বাস করেন, তার এই সিদ্ধান্ত ভবিষ্যতে আরও বেশি নারীকে রাজনীতিতে অংশ নিতে উৎসাহিত করবে। তার মতে, সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়লে কর্মজীবন ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য রক্ষায় আরও কার্যকর সামাজিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮